মোঃ সাইদুল ইসলাম হেলাল
স্টাফ রিপোর্টার নওগাঁঃ
নওগাঁর পত্নীতলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বটতলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
আজ বুধবার (৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন পত্নীতলা থানার ওসি শাহ মো. এনায়েতুল।
পুলিশ ও ফায়ার দমকল বাহিনী জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পত্নীতলা উপজেলার বটতলী মোড়ে একটি বাস নওগাঁর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আশরাফ (১৯) নামে এক যুবক মারা যান। এ সময় সাদমান সাকিব (১৯) ও হৃদয় (১৯) নামে মোটরসাইকেলে থাকা আরও ২ জন গুরুতর আহত হন। তাদের মধ্যে হৃদয়কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় সাদমান সাকিবেরও মৃত্যু হয়।
নিহতদের বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার কলেজ পাড়া বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে পত্নীতলা থেকে নজিপুর বাজারে বেড়াতে যান। বেড়ানো শেষে সন্ধ্যার দিকে তারা বাড়ি ফিরছিলেন। এ সময় মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক সড়কের পার্বতীপুর মোড়ে একটি দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা ৩ বন্ধু ছিটকে পড়ে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আশরাফকে মৃত ঘোষণা করেন। অপর দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হৃদয় হোসেনের মৃত্যু হয়।
পত্নীতলা থানার ওসি শাহ মো. এনায়েতুল জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তাদের অনুরোধে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তিনটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply