আগামী এপ্রিলে পদ্মা সেতুর কাজ শেষ করার চিন্তা - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
আগামী এপ্রিলে পদ্মা সেতুর কাজ শেষ করার চিন্তা

আগামী এপ্রিলে পদ্মা সেতুর কাজ শেষ করার চিন্তা

ডেস্ক রিপোর্টঃ
পদ্মা সেতুর কাজ আগামী বছরের এপ্রিলের মধ্যে শেষ করতে চায় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি)। তারা বলেছে, এই সময়ের মধ্যে পিচ ঢালাইসহ পুরোপুরি যানবাহন চলাচলের উপযোগী হবে সেতু। সড়কবাতি ও আলোকসজ্জার কাজও শেষ হয়ে যাবে।
সেতু বিভাগ সূত্র জানায়, গত ৮ জুন মূল সেতুর কাজের সর্বশেষ অগ্রগতি প্রতিবেদন জমা দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান এমবিইসি। এতে কখন কোন কাজ শেষ হবে, তার সময়সীমা উল্লেখ করেছে তারা। তবে তারা ৩০ এপ্রিলের মধ্যে কাজ শেষ করার কথা বললেও আরও আগেই তা শেষ করা সম্ভব হবে বলে মনে করছে সেতু বিভাগ। ৩০ জুন পর্যন্ত প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী, প্রকল্পের কাজের সার্বিক অগ্রগতি ৮৭ শতাংশ।

সর্বশেষ সংশোধিত প্রকল্প প্রস্তাব অনুসারে, আগামী বছরের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা। এরপরও প্রকল্পের মেয়াদ এক বছর থাকবে। তবে সে সময়টা সেতুর কোনো ত্রুটি দেখা দিলে তা সারানো, ঠিকাদারের পাওনা মেটানোর জন্য নির্ধারিত।

সেতু বিভাগ সূত্র জানায়, এখন মূল সেতুর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যানবাহন চলাচলের পথ তৈরির জন্য কংক্রিটের স্ল্যাব বসানো শেষ করা। ২ হাজার ৯১৭টি স্ল্যাব জোড়া দিয়ে মূল সেতুর যানবাহনের পথ তৈরি হবে। ১৯২টি কংক্রিটের স্ল্যাব বসানো বাকি আছে। ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে, আগামী ২০ অক্টোবরের মধ্যে এই কাজ শেষ করবে তারা। তবে সেতু বিভাগের কর্মকর্তারা বলছেন, আবহাওয়া ভালো থাকলে আগস্টের মধ্যেই এই কাজ শেষ করা সম্ভব। কারণ, প্রতি মাসে ১০০ করে স্ল্যাব বসানো যায়। গত মে মাসে ১১০টি স্ল্যাব বসিয়েছে ঠিকাদার।

মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরার মধ্যে দ্বিতলবিশিষ্ট পদ্মা সেতু হচ্ছে। এই সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল করবে। ট্রেন যাবে নিচতলা দিয়ে। মূল সেতুর (শুধু নদীর অংশ) দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। মূল সেতু থেকে মাটি পর্যন্ত সংযোগ ঘটাতে তৈরি হয়েছে উড়ালপথ (ভায়াডাক্ট)। দুই প্রান্তে ভায়াডাক্ট ৩ দশমিক ৬৮ কিলোমিটার। সব মিলিয়ে সেতুর দৈর্ঘ্য প্রায় ১০ কিলোমিটার। জাজিরা প্রান্তের ভায়াডাক্ট নির্মাণ সম্পন্ন হয়েছে। মাওয়া প্রান্তে ১৫ জুলাইয়ের মধ্যে শেষ হবে। ফলে স্ল্যাব বসানোর কাজ শেষ হলে মাওয়া থেকে জাজিরা পর্যন্ত চাইলে হেঁটেই পারাপার করা যাবে।

ঠিকাদারি প্রতিষ্ঠান বলেছে, আগামী বছরের এপ্রিলের মধ্যে কাজ শেষ করতে পারবে। তবে এখন পর্যন্ত আগামী বছরের জুনে সেতুটি চালুর সিদ্ধান্ত আছে।
মো. শফিকুল ইসলাম, পদ্মা সেতু প্রকল্পের পরিচালক
জানতে চাইলে পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম আমাদের প্রতিবেদককে বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান বলেছে, আগামী বছরের এপ্রিলের মধ্যে কাজ শেষ করতে পারবে। তবে এখন পর্যন্ত আগামী বছরের জুনে সেতুটি চালুর সিদ্ধান্ত আছে। তিনি বলেন, এখন চলমান কাজগুলো কারিগরিভাবে জটিল না হলেও সূক্ষ্ম। একটা কাজের সঙ্গে অন্যটা জড়িত। এখন অগ্রাধিকার হচ্ছে দ্রুত কংক্রিট স্ল্যাব বসানো শেষ করা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d