ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে কাভার্ডভ্যান-বাস-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছে।বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে পদ্মারেল স্টেশন সংলগ্ন এক্সপ্রেসওয়ের কুতুবপুর সীমানা নামক স্থানের ঢাকাগামী লেনে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুরের সালথা উপজেলার মাসুদ বিশ্বাস (৫৫) ও ফিরোজা বেগম (২৮)। তারা মাইক্রোবাসে করে ঢাকায় যাচ্ছিল বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশে যাওয়া মাইক্রোবাস সামনে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এসময় পেছনে থাকা একটি যাত্রীবাহী বাসও ওই মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের যাত্রী ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর এলাকার মৃত ধলা বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস ও একই এলাকার মামুন বিশ্বাসের স্ত্রী ফিরোজা বেগম নামে দুইজনের মৃত্যু হয়। তারা ফরিদপুর থেকে মাইক্রোবাসে চড়ে ঢাকা যাচ্ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সালাম বলেন, ভোরে স্থানীয়রা দুর্ঘটনার খবর জানালে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। এসময় দুইজন ঘটনাস্থলেই মারা যায়। ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। আহত অন্য দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের তখনই ঢাকা পাঠিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়ি শিবচর হাইওয়ে থানায় রয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি ও মরদেহ উদ্ধার করেছে।
Leave a Reply