পিরোজপুর নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার আরামকাঠিতে দিনে দুপুরে মানিক হালদার নামে এক কৃষকের সমস্ত কলাগাছ কেটে খেলার অভিযোগ প্রতিবেশী মনোজ ঘরামী ও তার লোকজনের বিরুদ্ধে।মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে এ বিষয়ে ভুক্তভোগী মানিক হালদার নেছারাবাদ (স্বরূপকাঠি) থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
এ ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। অভিযুক্ত মনোজ ঘরামী উপজেলার জলাবাড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আরামকাঠি গ্রামের মৃত মনিন্দ্র ঘরামীর ছেলে।
ভুক্তভোগী মানিক হালদার অভিযোগ করে বলেন, আমাদের প্রতিবেশী মনোজ ঘরামীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। ক্রয়কৃত এক বিঘা জমির আমি সাব-কবলা সূত্রে মালিক। এই জমি আমি দীর্ঘদিন ধরে ভোগ করে আসছি। কিন্তু জোরপূর্বক আমার সম্পত্তি ভোগ দখল ও গাছপালা কেটে নেওয়ার জন্য বিভিন্নভাবে পায়তারা করে আসছিল মনোজ। এ বিষয়ে স্থানীয়ভাবে সালিশ মীমাংসা হলেও প্রতিবেশী মনোজ ঘরামী তা মানছিল না। তাই আমার ভোগ দখলের রোপণকৃত নারিকেল, আমড়া, আম ও কলাগাছ কেটে লক্ষাধিক টাকার ক্ষতি করেছে মানোজ ঘরামী। আমি এই অন্যায়ের বিচার চাই।
স্থানীয় জনপ্রতিনিধি মো. নকিতুল্লাহ বলেন, জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ আছে। তাই বলে গাছ কেটে ফেলা ঠিক হয়নি। গাছের সঙ্গে এ কেমন শত্রুতা! গাছগুলোর কি অপরাধ ছিল। এ ঘটনা যে ঘটিয়েছে তার বিচার হওয়া উচিত।
এ বিষয়ে অভিযুক্ত মনোজ ঘরামী বলেন, কাগজপত্র অনুযায়ী ওই জায়গার মালিক আমি। অনেকবার জায়গা দখল নেওয়ার চেষ্টা করেছি। অবশেষে গাছ কেটে ফেলে আমি আমার জায়গা দখল নিয়েছি। এছাড়া জায়গা দখল করার আমার কোনো পথ ছিল না।
নেছারাবাদ(স্বরূপকাঠি) থানার ওসি মো. বনি আমিন জানান, এ বিষয়ে একটা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply