২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রড ও স্টিলে ভ্যাট (কর) বাড়িয়েছে সরকার। পাকা বাড়ি তৈরির অন্যতম এই অনুষঙ্গের কর বৃদ্ধির কারণে বাড়ি বানানোর খরচ বাড়বে।
সোমবার (২ জুন) অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ প্রস্তাবিত বাজেটে এ ঘোষণা দেন।
অর্থ উপদেষ্টা জানান, রড ও স্টিলে ভ্যাট বাড়ানো হচ্ছে। দরকারি এই দুই অনুষঙ্গের আমদানিতে ভ্যাট ২০–২৩ শতাংশ ও উৎপাদনে ভ্যাট ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে করে ভোক্তাপর্যায়ে প্রতি টনে রডের দাম বাড়তে পারে প্রায় ১ হাজার ৪০০ টাকা।
উল্লেখ্য, বর্তমানে স্টিলের মূল কাঁচামাল স্ক্র্যাপ আমদানিতে প্রতি টনে ফিক্সড শুল্ক আদায় করা হয় ১ হাজার ৫০০ টাকা। স্টিল থেকে বিলেট ও রড উৎপাদনে প্রতি টনে ফিক্সড ভ্যাট ২ হাজার ২০০ টাকা। সবমিলিয়ে আমদানি শুল্ক ও ভ্যাট মিলিয়ে সরকার প্রতি টনে পাচ্ছে ৩ হাজার ৭০০ টাকা।
প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এটি চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের (৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা) তুলনায় ৭ হাজার কোটি টাকা কম, যা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার হ্রাস পাওয়ার ঘটনা।
Leave a Reply