
শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর দুইটাই শুরু হবে প্রথম ম্যাচ।
ওয়ানডে সিরিজের ধারাবাহিকতায় টি-টোয়েন্টি সিরিজেও জয় চান অধিনায়ক লিটন কুমার দাস। প্রথম ম্যাচে টাইগার ব্যাটিং লাইনআপে আসছে না কোনো পরিবর্তন।
তবে পেস আক্রমণে মোস্তাফিজ, তাসকিন ও নাহিদ রানা বিশ্রামের ফলে দেখা যেতে পারে সাকিব, রিপন মন্ডল কিংবা সাইফুদ্দিনকে। এদিকে, নিউজিল্যান্ডের লক্ষ্যও অভিন্ন; টি-টোয়েন্টি ট্রফিটা নিয়ে দেশে ফিরতে চান টম ল্যাথামের দল।
সংক্ষিপ্ত এই ফরম্যাটে বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে পরিসংখ্যান। এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে মাত্র ৪টিতে জয় পেয়েছে টাইগাররা। ১টিতে ড্র এবং বাকি ১৫টিতেই হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
উল্লেখ্য, দীর্ঘ ১৪৬ দিন পর এই ফরম্যাটে ফিরছে বাংলাদেশ, যা দলটির জন্য নতুন করে পথচলার সূচনা হিসেবে দেখা হচ্ছে। গত বছর মে থেকে ডিসেম্বর পর্যন্ত ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ, যেখানে পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের মতো সাফল্য ছিল। এবার ঘরের মাঠে কিউইদের বিপক্ষেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে লাল-সবুজের প্রতিনিধিরা।
Leave a Reply