
নকআউট পর্বে জাপানের বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাসী ব্রাজিল। তবে প্রতিপক্ষকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছেন না প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তার মতে, নকআউট ফেরার পথ নেই, তাই অতিরিক্ত সময় কিংবা পেনাল্টি-সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে সেলেসাওরা।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, নকআউট পর্বে প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। এখানে ভুল শুধরে নেওয়ার দ্বিতীয় সুযোগ নেই। তাই অতিরিক্ত সময় ও টাইব্রেকার সবকিছুর জন্যই দলকে প্রস্তুত করা হয়েছে।
তিনি বলেন, এমন ম্যাচে শুধু শারীরিক সামর্থ্য নয়, মানসিক দৃঢ়তা ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। এক লেগের লড়াইয়ে হার মানেই বিদায়, তবে তার খেলোয়াড়রা চাপ সামাল দিতে জানে বলেও মন্তব্য করেন তিনি।
টেক্সাসের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ম্যাচের আগের শেষ অনুশীলনে পুরো স্কোয়াডকে পেয়েছেন ব্রাজিল কোচ। তবে শুরুর একাদশ নিয়ে কোনো ইঙ্গিত দিতে রাজি হননি তিনি।
স্কটল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া দলটিই মাঠে নামতে পারে বলে আলোচনা থাকলেও আনচেলত্তি হাস্যরসের সুরে বলেন, একাদশ প্রকাশ করে সংবাদমাধ্যমের কাজ সহজ করতে চান না। তবে যারা খেলবে, তারা আগেই বিষয়টি জেনে গেছে বলে জানান তিনি।
ব্রাজিল সমর্থকদের জন্য সবচেয়ে ইতিবাচক খবর এসেছে নেইমারকে ঘিরে। চোট কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছেন এই তারকা ফরোয়ার্ড। আগের ম্যাচে সীমিত সময় খেললেও এবার তাকে আরও বেশি সময় মাঠে দেখা যেতে পারে।
নেইমারের শারীরিক অবস্থার বিষয়ে আনচেলত্তি বলেন, গত সপ্তাহের তুলনায় সে এখন অনেক ভালো অবস্থায় রয়েছে। অন্তত ১৫ মিনিটের বেশি খেলার মতো ফিট আছে। তবে ম্যাচের পরিস্থিতি বিবেচনা করেই তাকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে জাপানের বিপক্ষে সর্বশেষ দেখার স্মৃতি সুখকর নয় ব্রাজিলের। গত বছরের অক্টোবরে এক প্রীতি ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও রক্ষণভাগ ও গোলরক্ষকের একাধিক ভুলে ৩-২ ব্যবধানে হেরে যেতে হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। সেই হতাশার প্রতিশোধ নেওয়ার লক্ষ্য নিয়েই এবার মাঠে নামবে আনচেলত্তির দল।
Leave a Reply