
ব্রাজিলের জার্সিতে নেইমারকে আবারও মাঠে দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে আজ বাংলাদেশ সময় রাত ১১টায় জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচটির আগে সংবাদ সম্মেলনে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন ব্রাজিলের মহাতারকা নেইমার। তাকে শুরুর একাদশে দেখা যাবে কি না-এমন প্রশ্নের জবাব দিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
আনচেলত্তি জানিয়েছেন, নেইমারের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে তাকে শুরু থেকেই মাঠে নামানোর সম্ভাবনা এখনও নিশ্চিত নয়। আগের ম্যাচের তুলনায় এবার অবশ্য আরও বেশি সময় খেলতে পারেন এই তারকা ফরোয়ার্ড।
স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দীর্ঘ ৯৮১ দিন পর জাতীয় দলের জার্সিতে মাঠে ফেরেন নেইমার। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে প্রায় ১৫ মিনিট খেলেছিলেন তিনি। সেই ম্যাচের পর গত এক সপ্তাহে তার ফিটনেসে আরও উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ব্রাজিল কোচ।
সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘নেইমার নিজেকে খুব ভালোভাবে প্রস্তুত করছে। গত সপ্তাহের তুলনায় এখন সে অনেক ভালো অবস্থায় আছে। সে এখন ১৫ মিনিটের বেশি সময় মাঠে থাকার মতো প্রস্তুত। তবে ঠিক কতক্ষণ খেলবে, সেটি ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করবে।’
তিনি আরও জানান, নেইমার এখনও পুরো সময় দলের সঙ্গে অনুশীলন করতে না পারলেও তার পুনর্বাসন পরিকল্পনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তাই জাপানের বিপক্ষে প্রয়োজন অনুযায়ী তাকে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে কোচিং স্টাফের।
জাপানের বিপক্ষে নকআউটের এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে নেইমারের উপস্থিতি ব্রাজিলের আক্রমণভাগে বাড়তি শক্তি যোগাবে বলেই আশা করছে সেলেসাও শিবির। এখন দেখার বিষয়, ম্যাচের কোন সময়ে মাঠে নেমে কতটা প্রভাব রাখতে পারেন ব্রাজিলের এই তারকা ফুটবলার।
Leave a Reply