
বিশ্বকাপে নামের জোরে কোনো ম্যাচ জেতা সম্ভব নয়—এমন বার্তাই দিলেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তার মতে, এবারের বিশ্বকাপে বড় দলগুলোও তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়ছে। তাই শেষ ষোলোর ম্যাচে মিসরকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
মঙ্গলবার আটলান্টায় শেষ ষোলোর ম্যাচে মিসরের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের আগের দিন স্থানীয় সময় রোববার সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, এবারের বিশ্বকাপে কোনো দলই প্রতিপক্ষকে সহজে হারাতে পারছে না।
তিনি বলেন, ‘আমার মনে হয়, এই বিশ্বকাপ সবার জন্যই কঠিন হয়ে উঠেছে। এমন কোনো দল নেই, যারা পুরোপুরি আধিপত্য দেখাতে পেরেছে। ফ্রান্সকে শক্তিশালী মনে হচ্ছিল, এখনও তারা শক্তিশালী দল। কিন্তু তারাও প্যারাগুয়ের বিপক্ষে ভুগেছে।’
স্পেনের উদাহরণ টেনে তিনি বলেন, ‘স্পেনও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে। বিশ্বকাপের আগে যে ছন্দে দলগুলো ছিল, সেই ধারাবাহিকতা কেউ ধরে রাখতে পারেনি। প্রতিপক্ষরা ভালো খেলছে, পরিবেশও ভিন্ন। অনেক ম্যাচ খেলার কারণে ফুটবলারদের ওপর শারীরিক চাপও স্পষ্টভাবে দেখা যাচ্ছে।’
গ্রুপ পর্বে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানকে হারিয়ে নিজেদের গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। এরপর শেষ ষোলোতে কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ের রোমাঞ্চকর লড়াই শেষে ৩-২ ব্যবধানে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।
স্কালোনি জানান, ৩৯ বছর বয়সী লিওনেল মেসি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ আছেন এবং মিসরের বিপক্ষে খেলতে প্রস্তুত। এই ম্যাচে খেললে বিশ্বকাপে নিজের রেকর্ড ৩০তম ম্যাচে মাঠে নামবেন আর্জেন্টাইন অধিনায়ক।
‘লিও পুরোপুরি ভালো আছে। ১২০ মিনিট খেলার পরও সে কোনো শারীরিক সমস্যার কথা জানায়নি,’ বলেন স্কালোনি।
বিশ্বকাপ কঠিন হলেও নিজেদের এখনও অন্যতম শিরোপাপ্রত্যাশী দল হিসেবে দেখছেন আর্জেন্টিনা কোচ, ‘এই দলটি বহু বছর ধরেই যেখানেই খেলেছে, শিরোপার দাবিদার হিসেবে মাঠে নেমেছে। অনেক সময় পরিকল্পনা পুরোপুরি সফল হয় না কিংবা প্রতিপক্ষ কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয়। তবুও আমরা নিজেদের মান ধরে রেখেছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের পারফরম্যান্স সন্তোষজনক। টানা চারটি ম্যাচ জিতেছি, সেটি অবশ্যই ইতিবাচক। তবে উন্নতির জায়গাও আছে।’
মিসরকে নিয়ে সতর্ক স্কালোনি বলেন, ‘আমরা জানি মিসর খুব ভালো একটি দল। তাদের অভিজ্ঞ ফুটবলার রয়েছে, আর কোচও দীর্ঘদিন ধরে দলটির সঙ্গে কাজ করছেন। তাই আমরা পুরোপুরি সতর্ক।’
এই ম্যাচে প্রথমবারের মতো মুখোমুখি হবেন লিওনেল মেসি ও মিসরের অধিনায়ক মোহাম্মদ সালাহ।
সালাহকে নিয়ে স্কালোনি বলেন, ‘সালাহ অসাধারণ একজন ফুটবলার। তার বিপক্ষে খেলতে পারা আনন্দের বিষয়। তবে আমরা সব সময়ই ব্যক্তিগতভাবে নয়, দলগতভাবেই প্রতিপক্ষের বড় তারকাদের মোকাবিলার পরিকল্পনা করি।’
মঙ্গলবারের এই ম্যাচের বিজয়ী কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে।
Leave a Reply