ইশরাককে মেয়র পদে বসানোর সিদ্ধান্ত নিতে আন্দোলনকারীদের আল্টিমেটাম - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ইশরাককে মেয়র পদে বসানোর সিদ্ধান্ত নিতে আন্দোলনকারীদের আল্টিমেটাম

ইশরাককে মেয়র পদে বসানোর সিদ্ধান্ত নিতে আন্দোলনকারীদের আল্টিমেটাম

Oplus_131072

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বসানোর সিদ্ধান্ত নিতে সময়সীমা বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা। এর মধ্য দিয়ে আজকের মতো কর্মসূচি শেষ করেছেন তাঁরা। আন্দোলনকারীরা বলছেন, আগামীকাল বুধবার সকাল ১০টার মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে নগর ভবনের সামনে অবস্থিত অস্থায়ী মঞ্চ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এ আন্দোলনের সমন্বয়কারী সাবেক সচিব মশিউর রহমান এ ঘোষণা দেন।
মশিউর রহমান বলেন, ‘আগামীকাল সকাল ১০টায় নগর ভবনের সামনে আমরা হাজির হবো। দাবি না মানলে অবস্থা বুঝে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।’
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে বক্তব্য দিয়েছেন, তা জাতির সঙ্গে প্রতারণা, গণতন্ত্রের সঙ্গে প্রতারণার শামিল বলে মন্তব্য করেন তিনি। গতকাল সোমবার এই উপদেষ্টা ফেসবুক পোস্টে বলেন, গায়ের জোরে নগর ভবন বন্ধ করে বিএনপি আন্দোলন করছে।
এ সময় কর্মসূচি ঘোষণার মঞ্চে এই আন্দোলন ও দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ঢাকা সিটি করপোরেশনের সর্বস্তরের কর্মচারী ইউনিয়ন। ইউনিয়নগুলো আগামীকাল সকাল ১০টার মধ্যে দাবি মানা না হলে এর পর থেকে পরিচ্ছন্নতাসেবা, ময়লা পরিবহনসেবা, বিদ্যুৎ–সেবাসহ সব ধরনের নাগরিক সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেয়। সংগঠনগুলো হলো স্ক্যাভেঞ্জার অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন, পরিবহন চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন, বিদ্যুৎ কর্মচারী সমাজকল্যাণ সমিতি, ৪র্থ শ্রেণি কর্মচারী সমাজকল্যাণ সমিতি।
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে শপথের মাধ্যমে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত বুধবার থেকে আন্দোলনে নেমেছেন তাঁর সমর্থকেরা। এরই ধারাবহিকতায় আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা। এই আন্দোলনের ফলে বন্ধ রয়েছে ডিএসসিসির সব নাগরিক সেবা। সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন অনেক মানুষ।
ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচন হয় ২০২০ সালের ১ ফেব্রুয়ারি। সেই নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠে। নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ইশরাক হোসেন।
গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মেয়র পদ থেকে শেখ ফজলে নূর তাপসকে অপসারণ করে সরকার। অন্যদিকে চলতি বছরের ২৭ মার্চ একটি নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে গত সিটি নির্বাচনে বিজয়ী ঘোষণা করেন। এরপর ইশরাককে মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d