
গনভোটের প্রস্তাব নিজেরা দিলেও, ক্ষমতায় গিয়ে বিএনপির মানসিকতা বদলে গিয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৮ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে কূটনীতিকদের নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শন শেষে তিনি এ অভিযোগ জানান।
জামায়াত আমির বলেন, সংবিধান সংস্কার কমিটি না থাকলে, ২০২৬ সালের নির্বাচনও সংবিধানে নেই। এছাড়া, সংসদে দাবি না মানায়, জনগণকে নিয়ে রাজপথের আন্দোলনে নেমেছে বিরোধী দল।
তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের মত বর্তমান সরকারও দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয়করণ করছে। রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে সন্ধ্যায় বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান বিরোধী দলীয় নেতা।
এসময় কূটনীতিকদের সামনে জুলাই হত্যার চিত্র তুলে ধরে তিনি বলেন, পিলখানা হত্যাযজ্ঞ থেকে আওয়ামী লীগের খুনের রাজনীতি শুরু হয়।

সাভার উপজেলাধীন তেঁতুলঝোড়া ইউনিয়নকে কেরানীগঞ্জের সাথে যুক্ত করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছ।
রাকিবুল ইসলাম রঞ্জু:
সাভার উপজেলাধীন তেঁতুলঝোড়া ইউনিয়নসহ সাভারের ৩টি ইউনিয়নকে সাভার উপজেলা থেকে বিচ্ছিন্ন করে কেরানীগঞ্জের সাথে সংযুক্ত করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার দুপুরে সাভারের হেমায়েতপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নবাসীর আয়োজনে এই কর্মসূচি পালিত হয়, এতে অংশ নেয় হাজার হাজার সাধারণ জনগণ। এ সময় হাজার হাজার জনতার পদচারণায় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ফ্যামিলি কার্ডের নাম করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে একটি ফরমে স্বাক্ষর নিয়ে সাভারের তিনটি ইউনিয়নকে কেরানীগঞ্জের সাথে সংযুক্ত করতে ষড়যন্ত্র করছে একটি মহল। বক্তারা আরো বলেন, নাগরিক সুবিধার্থে তেতুলঝোড়া,আমিনবাজার,ভাকুর্তা এই তিনটি ইউনিয়ন সাভার উপজেলার সাথে সব সময় থাকতে চাই। তাই কোনোভাবেই কেরানীগঞ্জের সাথে সংযুক্ত করা যাবে না।
এ সময় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সকলে তেঁতুলঝোড়া ইউনিয়নকে সাভার উপজেলায় রাখার জোর দাবি জানান। অন্যথায় পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
এ সময় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন
তেঁতুলঝরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন সরকার,
ঢাকা জেলা যুবদল নেতা ও আসন্ন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিক্ষোভ সমাবেশ শেষে এলাকাবাসী বিশাল বিক্ষোভ মিছিল বের করে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জকসুর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক মো. নূর মোহাম্মদের ওপর ফের হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার (৫ আগস্ট) পুরান ঢাকার সোহরাওয়ার্দী সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে। এ সময় তিনি সহপাঠীদের সঙ্গে অবস্থান করছিলেন। হামলায় তার নারী সহপাঠীরাও আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
সহপাঠীদের অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা নূর মোহাম্মদকে কাঠ দিয়ে মারধর করেন। এতে তিনি আহত হন। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা।
ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্যসচিব ও ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা এক ফেসবুক পোস্টে লিখেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক নূর মোহাম্মদের ওপর হামলা করেছে ছাত্রদল।
জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ এক পোস্টে লিখেছেন, ‘ছাত্রদল কি এখন গুন্ডা পোষা শুরু করেছে? সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের কর্মীরা জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদসহ নারী শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। প্রসাশনকে বলব, হামলাকারীদের এখনই বিচারের আওতায় আনুন। নইলে আজ যারা অন্যের ওপর হামলা করছে, কাল তারাই আপনার ওপরও হামলা করবে।’

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে কুমিল্লায় ১১ দলের উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মাঠে গণমিছিল পূর্ব সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমানের পরিচালনায় সমাবেশ বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক নাবিদ নরোজ শাহ, এবি পার্টি কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, বাংলাদেশ খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরী সভাপতি মাওলানা সোলায়মান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি মোজাম্মেল হোসেন আবির, এবি পার্টি কুমিল্লা মহানগরীর আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানী এবং কুমিল্লা মহানগরী ছাত্রশিবির সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত।
সভাপতির বক্তব্য কাজী দ্বীন মোহাম্মদ বলেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন করা রাষ্ট্র ও সরকারের নৈতিক দায়িত্ব। জনগণের মতামত উপেক্ষা করে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা টিকে থাকতে পারে না। তাই গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও কল্যাণরাষ্ট্র গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি নাছির আহম্মেদ মোল্লা, মহানগরী কর্মপরিষদ সদস্য কাজী নজির আহম্মেদ, মোহাম্মদ হোসাইন, অধ্যাপক রফিকুল ইসলাম, মিজানুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সমাবেশ শেষে গণমিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৭ বছর ধরে বিরোধী দলে থেকে যারা নির্যাতনের শিকার হয়েছিলেন, ক্ষমতায় এসে তারাই আবার বিগত সরকারের ফ্যাসিবাদের খাসলত ও পথ ধারণ করছেন।
রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবে ‘জান দিব, জুলাই দিব না’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, বর্তমানে বিরোধী মত দমনে ষড়যন্ত্র, অপপ্রচার ও বলপ্রয়োগের যে চর্চা দেখা যাচ্ছে, তা বিগত সরকারের হুবহু ফটোকপি ছাড়া আর কিছুই নয়।
তিনি বলেন, সাড়ে ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষ, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী, আলেম-ওলামা, সাংবাদিক, সুশীল সমাজ ও সাধারণ খেটে খাওয়া মানুষ কেমন চরম নির্যাতনের মধ্য দিয়ে দিন কাটিয়েছেন, তা বর্তমান ক্ষমতাসীনদের চিন্তা করা উচিত। কিন্তু একটি রক্তভেজা গণঅভ্যুত্থানের মাধ্যমে মুক্তি পাওয়ার পরও আগের সরকারের দমন-পীড়নের সেই একই আচরণ ধারণ করা হচ্ছে।
ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের ১ আগস্ট যখন তাদের দলকে নিষিদ্ধ করা হয়েছিল, তখন বিএনপি, এলডিপিসহ গণতান্ত্রিক দলগুলো এর তীব্র প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু যারা ক্ষমতা চিরস্থায়ী করার জন্য সে সিদ্ধান্ত নিয়েছিল, তাদের পতন হতে মাত্র কয়েক দিন সময় লেগেছে। এটি আল্লাহর বিচার ও কুদরতের নিদর্শন।

ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বরের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের বাড়িছাড়া, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাবুব হাসান সজীব।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটলেও প্রশাসনের উদ্যোগে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে পরে আব্দুল মান্নান মাতুব্বর পুনরায় এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা শুরু করেন। সরকারের পরিবর্তনের পর কিছুদিন আত্মগোপনে থাকার পর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় ফিরে এসে তিনি ও তার অনুসারীরা বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর নানা ধরনের নির্যাতন চালাচ্ছেন।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, নাজিম হত্যা মামলার বাদী ও সাক্ষীদের মামলা তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে। তাদের বাড়িতে হামলা, লুটপাট, গবাদিপশু নিয়ে যাওয়া, ফসলি জমিতে যেতে বাধা এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটছে। এসব কারণে প্রায় ৫০ থেকে ৬০টি পরিবার গত পাঁচ মাস ধরে বাড়িছাড়া রয়েছে এবং প্রায় ৬০ থেকে ৭০ বিঘা জমির পাট কাটতে পারছে না। এছাড়া মাছের ঘের থেকে মাছ লুট ও বিষ প্রয়োগে মাছ নিধন করা হয়েছে। এসব বিষয়ে থানায় একাধিক লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
পরমেশ্বরদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আক্কাস মোল্যা বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তিনি ও তার পরিবার অতীতেও রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন। বর্তমানে আব্দুল মান্নান মাতুব্বরের অনুসারীদের কারণে স্বাভাবিকভাবে নিজ বাড়িতে বসবাস করতে পারছেন না বলেও দাবি করেন তিনি।
২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আকমল শেখ অভিযোগ করেন, নির্বাচনের পর থেকে তিনি প্রায় সাত মাস ধরে বাড়িছাড়া। তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলে জানান তিনি।
একই ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আকুব্বর মাতুব্বর বলেন, প্রভাবশালীদের কারণে তিনি নিজের বাড়িতে যেতে পারছেন না। এমনকি নিজের জমির পাট কাটতেও বাধার মুখে পড়ছেন, ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান অভিযোগ করেন, তার ভাতিজা সৈয়দ নাজিম আলী হত্যা মামলার বাদী ও সাক্ষীদের মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে। মামলা না তোলায় তাদের বাড়িতে হামলার ঘটনাও ঘটেছে।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপি নেতারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং আব্দুল মান্নান মাতুব্বরের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলার এজাহার দাখিল করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন। মামলায় এনসিপির ১০ নেতার নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ জুলাই বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদের সামনে এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। অভিযোগে বলা হয়েছে, এনসিপির নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালান।
এজাহারে বাদী উল্লেখ করেন, কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনের শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং শোকসভায় অংশ নিতে ছাত্রদলের নেতাকর্মীরা কোর্ট মসজিদের সামনে জড়ো হন। এ সময় নাসীরুদ্দীন পাটোয়ারী, সারজিস আলম, আবু হেনা মোস্তফা কামাল, মাহবুবুল বারী চৌধুরীসহ ৪০ থেকে ৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে সেখানে এসে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, হামলায় জেলা ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী, মোজাক্কির হোসেন ইমনসহ কয়েকজন আহত হন। তাদের লোহার রড, রামদা, ফিকল, ইটের টুকরোসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলেও এজাহারে উল্লেখ রয়েছে।
মামলায় আরও অভিযোগ করা হয়েছে, সংঘর্ষের সময় বাদীর আইফোন-১৩, মোজাক্কির হোসেন ইমনের আইফোন-১১, মাহফুজ চৌধুরীর আইফোন-১৪, মাহমুদুল হাসান গাজীর স্যামসাং এস-২২, রক্সি ইসলামের কাছে থাকা ৫০ হাজার টাকা এবং শিমুল হাসানের আইফোন-১৫ ছিনিয়ে নেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সরে যান এবং আহতরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নেন বলে এজাহারে দাবি করা হয়েছে।
মামলার আসামিরা হলেন- এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, হবিগঞ্জ জেলা জাতীয় শক্তির আহ্বায়ক নুর আলম চৌধুরী, জেলা কমিটির সদস্য ফখরুল জাকির, আ. হাই কামাল, রুহাম গাজী, সদস্য সচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিন, কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ উদ্দিন তারেক, জেলা আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল এবং জেলা কমিটির সদস্য ওয়াদুদ মাহমুদ চৌধুরী।
এদিকে, একই ঘটনাকে কেন্দ্র করে এর আগে এনসিপির পক্ষ থেকেও ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলা হয়। দলটির দাবি, ২৮ জুলাই পদযাত্রা ও পথসভা শেষে সার্কিট হাউসে ফেরার পথে ছাত্রদলের হামলায় সারজিস আলমসহ অন্তত ১৫ নেতাকর্মী আহত হন। হামলায় এনসিপির এক কর্মীর একটি চোখ নষ্ট হয়ে যায় বলেও অভিযোগ করেন দলটির নেতারা। একই ঘটনায় কয়েকটি সংবাদমাধ্যমের গাড়ি ভাঙচুরের অভিযোগও করা হয়।
এনসিপির অভিযোগ অনুযায়ী, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নাসীরুদ্দীন পাটোয়ারী ও সারজিস আলম নিরাপত্তার জন্য থানার পাশের সোনালী ব্যাংকে আশ্রয় নেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায় এবং রাতে পুলিশি পাহারায় মৌলভীবাজার পৌঁছে দেয়।
তবে সদর মডেল থানার এসআই ধ্রুবেশ চক্রবর্তী বলেন, ছাত্রদল নেতা বাদী হয়ে এনসিপির নেতাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
অন্যদিকে, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মো. মাহবুব আহমেদ থানায় অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার জেরে দায়ের হওয়া এ মামলার খবর বৃহস্পতিবার গভীর রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


Leave a Reply