
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না। তাদের সর্বশেষ আস্তানাটিও নির্মূল করা হবে। এখানকার অবৈধ বাসিন্দাদের তালিকা করা হচ্ছে। তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। জঙ্গল সলিমপুরে প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ বহু স্থাপনা করার পরিকল্পনা সরকারের রয়েছে। রোববার সকালে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন।
সার্কিট হাউজে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন বলেন, যারা র্যাবের ক্যাম্প ভাঙচুরের দুঃসাহস দেখিয়েছে, তাদের চিহ্নিত করা হবে। যাদের আশ্রয়ে তারা থাকুক, তাদের সর্বশেষ আশ্রয়স্থলটি নির্মূল করা হবে। তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করছে। এজন্য তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, আলীনগর-জঙ্গল সলিমপুরের পাশের বেতুয়া চা-বাগানে সন্ত্রাসীদের আনাগোনা আছে। সেখান থেকেও তাদের উচ্ছেদ করা হবে। যৌথ ও পরিকল্পিত অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজি উচ্ছেদ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মাসুদ আলম, র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান প্রমুখ।
Leave a Reply