
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির (সিএএসআর) নতুন কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেয়েছেন এনিম্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. রুহুল আমিন। এর আগে এ দায়িত্ব পালন করেছেন ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের অধ্যাপক মো. সামছুল আলম।
মঙ্গলবার (২৫ আগস্ট) সিএএসআরের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। সদ্য সাবেক কো-অর্ডিনেটর অধ্যাপক মো. সামছুল আলমের কাছ থেকে নতুন কো-অর্ডিনেটর অধ্যাপক মো. রুহুল আমিন দায়িত্ব বুঝে নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক মো. বাহানুর রহমান, বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মো. শহীদুল হক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক মো. সামছুল আলম ভূঁঞা, সাবেক পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলীসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা।
দায়িত্ব হস্তান্তরের পর সদ্য সাবেক কো-অর্ডিনেটর অধ্যাপক মো. সামছুল আলম তার দায়িত্ব পালনকালে নেওয়া বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, ‘বাংলাদেশে প্রথম বাকৃবি থেকেই আমরা পিএইচডি ফেলোশিপের ব্যবস্থা করেছি। প্রতিবছর ১০ জন শিক্ষার্থীকে মাসে ৪০ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হয়। এ পর্যন্ত মোট ৩০ জন শিক্ষার্থীকে এই ফেলোশিপ দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন নেপালি শিক্ষার্থীও রয়েছেন। আইসিটি সেলের সহযোগিতায় স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি ও অন্যান্য কার্যক্রম অটোমেশন এবং ডিজিটালাইজেশনের আওতায় আনা হয়েছে। ভবিষ্যতে ফরম পূরণসহ এ কার্যালয়ের আরও অধিকাংশ কার্যক্রম ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।’
Leave a Reply