
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী একান্ত সচিব (এপিএস) পরিচয় দিয়ে প্রতারণা, তদবির ও মামলা বাণিজ্যের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গত বৃহস্পতিবার (২১ মে) রাতে সাভারের জালেশ্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম এ তথ্য জানান।
পুলিশ জানায়, গ্রেপ্তার আব্দুল্লাহ আল মামুন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার উলাইল গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব পরিচয় ব্যবহার করে বিভিন্ন তদবির, নিয়োগ ও মামলা সংক্রান্ত প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
পুলিশ সুপার জানান, সর্বশেষ গত ১৮ মে তিনি গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী ও খাদ্য বিভাগের মহাপরিচালককে ফোন করে নিজেকে প্রধানমন্ত্রীর এপিএস পরিচয় দেন। বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ে জানানো হলে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ভুয়া সাংবাদিক পরিচয়পত্র, ‘প্রেস’ লেখা একটি জিপ গাড়ি এবং জমি কেনাবেচা সংক্রান্ত বিভিন্ন দলিল উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে চেক জালিয়াতির ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
Leave a Reply