
গাইবান্ধায় ৮৮ বস্তা অবৈধ মিশরীয় জিরানি মসলা জব্দসহ ২ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ
শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা শহরে বিপুল পরিমাণ অবৈধ মিশরীয় মসলা জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অভিযানে ৮৮ বস্তায় থাকা প্রায় ২ হাজার ২০০ কেজি (প্রায় ৫৫ মণ) মসলা উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও একজনকে মূল সমন্বয়কারী হিসেবে সন্দেহ করা হচ্ছে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের ডিসি অফিসের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রলি থেকে এসব মসলা জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধ চালান বহনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নাজমুল হকের ছেলে আতিকুর রহমান এবং গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেলাডাঙ্গা এলাকার রুহুল আমিনের ছেলে শাহজালাল।
তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বগুড়ার শাহীন নামের এক ব্যক্তি এই চালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযানের সময় তিনি পালিয়ে যান। গ্রেপ্তার হওয়া দুজনের মধ্যে একজন ট্রলিচালক এবং অন্যজন সহকারী হিসেবে কাজ করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ পলাতক ওই ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় নিম্নমানের বা অবৈধ মসলা সরবরাহের একটি চক্র সক্রিয় রয়েছে। তবে এ বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
ডিবি পুলিশ জানিয়েছে, জব্দ করা মসলা ও ট্রলিটি তাদের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply