
বগুড়ার সোনাতলায় জমি সংক্রান্ত বিরোধে হামলা, কুপিয়ে জখম ও নগদ ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
রুবেল চৌধুরী (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সোনাতলা উপজেলায় জমি জমা ও পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলা, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম এবং বসতবাড়ি নির্মাণের নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মন্টু মিয়া বাদী হয়ে সোনাতলা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। আসামীরা হলেন , ছোট বালুয়া (কারিগরপাড়া) গ্রামের মৃত ফজলু প্রাং এর স্ত্রী ছালমা বেগম, ছেলে ছালদার , মহাতাব, মোতালেব এবং ছালদারের ছেলে সৌরভ মিয়।
থানার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ছোটবালুয়া (কারিগরপাড়া) গ্রামের মন্টু মিয়ার সঙ্গে আসামীদের দীর্ঘদিন ধরে জমি জমার সীমানা ও পারিবারিক নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল। গত ২১ সেপ্টেম্বর (সোমবার) সকালে সময় মন্টু মিয়া তার বসতবাড়ীর নির্মাণ কাজের জন্য ইট, বালু, সিমেন্ট ও রড ক্রয়ের উদ্দেশ্যে ঘর থেকে নগদ ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা নিয়ে বের হন। তিনি নিজ বসতবাড়ীর উঠানে পৌঁছামাত্র পূর্ব পরিকল্পিতভাবে আসামীরা দেশীয় অস্ত্র (সোঠা, বাঁশের লাঠি, ধারালো দা, হাসুয়া, লোহার রড) নিয়ে অনধিকার প্রবেশ করে তার ওপর অতর্কিত আক্রমণ চালায়। আসামী মোছাঃ ছালমা বেগমের হুকুমে অন্যান্য আসামীরা ধারালো দা ও বাঁশের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করলে তিনি মাথায় ও কপালে গুরুতর রক্তাক্ত জখম হন। পরবর্তীতে তাকে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ছিলা, ফোলা ও কালশিরা জখম করা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, আসামীরা হামলা চালিয়ে গলা টিপে হত্যার চেষ্টা করার পাশাপাশি ঘর নির্মাণের জন্য সঙ্গে রাখা নগদ ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে ভুক্তভোগীর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামীরা পুনরায় প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্বজন ও স্থানীয়রা তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
এবিষয়ে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন কবির জানান , লিখিত এজাহার পেয়েছি- তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
এ দিকে ভুক্তভোগী পরিবার ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
Leave a Reply