লালমনিরহাট প্রতিনিধি:
বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব উদ্ভাবন ও প্রযুক্তির মাধ্যমে আকাশ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। দেশের মেধাবী তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, তরুণ উদ্ভাবকদের যথাযথ সুযোগ ও পৃষ্ঠপোষকতা দেওয়া গেলে তারা বৈশ্বিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটে অবস্থিত অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত ‘প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬’-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আধুনিক বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রগতি ছাড়া কোনো জাতি কিংবা প্রজন্মের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ নেই। তরুণদের সৃষ্টিশীল চিন্তা, মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে একটি আত্মনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে। এ সময় তিনি শিক্ষার্থীদের সাহসের সঙ্গে নতুন নতুন উদ্ভাবনী চিন্তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
এর আগে বৃহস্পতিবার সকালে বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে রওনা হয়ে সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। পরে বিমানবন্দর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে তিনি বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং প্রতিযোগিতার মূল অনুষ্ঠানে অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে রয়েছে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরের মন্ডলেরহাটে মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও স্থানীয় জনসভায় অংশগ্রহণ। বিকেলে কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক সামাজিক উদ্যোগের প্রায় ১৫ হাজার স্বেচ্ছাসেবকের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তাঁর। সব কর্মসূচি শেষে বিকেল ৪টার দিকে একই বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে লালমনিরহাটজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক প্রাণচাঞ্চল্য। সকাল থেকেই বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি বাড়তে থাকে। স্লোগান ও মানুষের সরব উপস্থিতিতে মুখর হয়ে ওঠে শহর ও আশপাশের এলাকা।
Leave a Reply