ময়মনসিংহ-১১ ভালুকা আসনের সাবেক এমপি কাজিমুদ্দিন আহম্মেদ ধনুকে (৬০) ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শরিফুল হক এই আদেশ দেন।
্্একই সঙ্গে তার জামিন আবেদনও নামঞ্জুর করা হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যে ধনুকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে আনা হয়। গত ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে ময়মনসিংহের প্রথম শহীদ রেদোয়ান হাসান সাগর (২৪) হত্যা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সোহরাব আলী জানান, সাগর হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের দায়ের করা একটি মামলায় সম্প্রতি সাবেক এমপি কাজীমুদ্দিন আহম্মেদ ধনু গ্রেপ্তার হন। বৃহস্পতিবার ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত উদ্দিন আহাম্মদের দায়ের করা মামলায় কাজীমুদ্দিন আহম্মেদ ধনুকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আসামিপক্ষের জামিন আবেদন নামঞ্জুর করেন।আদালতে রিমান্ড আদেশের পক্ষে শুনানি করেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল, জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব সাদ উদ্দিন প্রিন্সসহ প্রায় দুই ডজন আইনজীবী। স্বামী পক্ষের শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট এমদাদুল হক, টিএইচ খান তাপস, আবদুর রাজ্জাকসহ কয়েকজন আইনজীবী। এর আগে গত ১৫ মে ঢাকার আফতাব নগর এলাকা থেকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সাবেক এমপি কাজীমুদ্দিন আহম্মেদ ধনুকে গ্রেপ্তার করা হয়েছিল।
Leave a Reply