
কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিম
এস. এম. নাসির উদ্দীন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও সন্ত্রাস নির্মূল এবং অনলাইন জুয়া বন্ধে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান।
শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সহযোগিতা চান। প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু।
মতবিনিময় সভায় ওসি শেখ শাহিনুর রহমান বলেন, তাঁর ওপর অর্পিত দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করবেন। তিনি বলেন, ‘আমি যতদিন কালিগঞ্জে আছি, ততদিন সর্বস্তরের মানুষ যেন নির্ভয়ে ঘুমাতে পারে, সেই ব্যবস্থা করব। অযথা কাউকে হয়রানি করা হবে না।’
ওসি বলেন, তিনি ১৫ বছর ধরে পুলিশে চাকরি করছেন। তবে কালিগঞ্জে এসে যে ভালোবাসা পেয়েছেন, তা তাঁকে মুগ্ধ করেছে। সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের জন্য তাঁর দরজা ২৪ ঘণ্টা খোলা থাকবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ‘যেকোনো সমস্যায় থানায় আসবেন। আমি তা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব।’ নিজের কর্মদক্ষতার মাধ্যমে পরিচিত হতে চান জানিয়ে তিনি বলেন, ‘বৃক্ষ, তোমার নাম কী? ফলে পরিচয়। কথায় নয়, আমি আমার কাজের মাধ্যমে নিজের পরিচয় দিতে চাই।’
মাদক ও সন্ত্রাস নির্মূলে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে ওসি বলেন, এসব অপরাধের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একার পক্ষে মাদক ও সন্ত্রাস নির্মূল করা সম্ভব নয়। পুলিশ, সাংবাদিক ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও শান্তিপূর্ণ কালিগঞ্জ গড়ে তোলা সম্ভব।
সভায় সাংবাদিকরা কালিগঞ্জে মাদক, সন্ত্রাস ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সভায় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সিনিয়র সদস্য শেখ লুৎফর রহমান, সহসভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কাজী মুজাহিদ ইসলাম তরুণ, লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী আল মামুন, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম আহম্মদ উল্ল্যাহ বাচ্চু, জাহাঙ্গীর আলম, গোলাম ফারুক, ইশারাত আলী, শেখ নাজমুল হোসেন, আব্দুল করিম, মামুন হাসান, ফজলুল হক, আতিকুর রহমান, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, শিমুল হোসেন, আল নুর ইমন, শাহাদাত হোসেন, আলমগীর হোসেন, আবুল কালাম বিন আকবর, সোলায়মান মামুন, আব্দুল হামিদ, মো. শফিক, মো. আব্দুল জব্বার ও মাওলানা আব্দুল গফুরসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
Leave a Reply