
গাইবান্ধায় ৩১ হাজার টাকায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশুকে উদ্ধার, গ্রেপ্তার ৪
শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় বাবার হাতে ৩১ হাজার টাকায় বিক্রি হওয়া ১৩ মাস বয়সী শিশু ফাতেমা আক্তার জান্নাতকে প্রায় দুই মাস পর উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা হামিদুল ইসলামসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) জেলা গোয়েন্দা শাখা ও গাইবান্ধা সদর থানা পুলিশের যৌথ অভিযানে শিশুটিকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—সাদুল্লাপুর উপজেলার মন্দুয়ার (সাহারবাজার) এলাকার মো. হামিদুল ইসলাম (৩৩), গাইবান্ধা সদর উপজেলার উত্তর কোমরপুরের মো. আব্দুল মজিদ সরকার (৩৬), ফুলছড়ি উপজেলার মদনেরপাড়ার মোছা. মোর্শেদা খাতুন (৪৫) এবং একই এলাকার মোছা. জেসমিন আক্তার (২৮)।
পুলিশ জানায়, গত ১৭ জুলাই শিশুটির বাবা হামিদুল ইসলাম বিস্কিট খাওয়ানোর কথা বলে শিশুটিকে মায়ের কাছ থেকে নিয়ে বাজারে যান। পরে আব্দুল মজিদ ও মোর্শেদার সহায়তায় শিশুটিকে জেসমিন আক্তারের কাছে ৩১ হাজার টাকায় বিক্রি করে দেন বলে অভিযোগ রয়েছে।
পরে শিশুটির মা মোছা. রোমানা খাতুন আদালতে শিশুকে উদ্ধারের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত ২৭ আগস্ট হামিদুল ইসলামের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন।
ওয়ারেন্টের ভিত্তিতে রোববার সকালে সাদুল্লাপুরের সাহারবাজার মোড় থেকে হামিদুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুরের পীরগঞ্জ উপজেলার ছোট উমরপুর থেকে আব্দুল মজিদ সরকারকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোর্শেদা খাতুনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফুলছড়ি উপজেলার মদনেরপাড়ায় জেসমিন আক্তারের হেফাজত থেকে ১৩ মাস বয়সী ফাতেমা আক্তার জান্নাতকে উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা জানায়, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply