মোঃ শহিদুল ইসলাম (টাঙ্গাইল) বিশেষ প্রতিনিধিঃ
টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনার আইসিইউ ইউনিটে আগুন লাগার ঘটনাটি ঘটেছে। সোয়া ৩ টার দিকে আগুন লাগে। এরপর ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকল কর্মী। তবে তাৎক্ষনিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনায় আইসিইউতে থাকা রোগীদের কোন হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস জানিয়েছেন, বিদ্যুৎ শর্টসার্কিটের কারনে আইসিইউতে আগুনের সূত্রপাতের ঘটনা ঘটে। হাসপাতালের একাধিক চিকিৎসকরা জানান, হাসপাতালে দীর্ঘদিন আগে বিদ্যুতের ওয়ারিং করা হয়েছিল। কিন্তু পরবর্তিতে বিদ্যুতের আর কোন সংস্কার কাজ করা হয়নি। এরমধ্যেই হাসপাতালে আইসিইউ ওয়ার্ড চালু করা হয়েছে। দেখা গেছে, হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে আগুন লাগায় সেখানকার রোগীদের বাইরে বের করে আনা হয়েছে। বাইরে তাদের খোলা আকাশের নিচে বিকল্পভাবে অক্সিজেন লাগিয়ে রাখা হয়েছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ১৫ মিনিট সময় লেগেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, হাইফ্লো নেজাল ক্যানোলা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিকুল ইসলাম সজিব বলেন, আগুন লাগার ঘটনায় আইসিইউতে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনি প্রাথমিকভাবে বলা যাচ্ছে না।
জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, আইসিইউতে থাকা রোগীদের সরিয়ে দ্রুত অন্য ওয়ার্ডে স্থানান্তর করে চিকিৎসা দেয়া হচ্ছে। দূর্ঘটনার পর আইসিইউ বন্ধ রয়েছে। যত দ্রুত সম্ভব আইসিইউ ওয়ার্ড চালু করা হবে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গণি বলেন, আগুন লাগার সাথে সাথে আইসিইউ রোগীদের দ্রুত সরানো হয়েছে। আগুন লাগার ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
Leave a Reply