মোঃ সাইদুল ইসলাম হেলাল, বিশেষ প্রতিনিধি
নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের ভুতুলিয়া (ভূতগাড়ি) মৌজায় সরকারি খাস বিল দখল করে মাছ চাষ এবং জনসাধারণের নৌপথ বন্ধ করে দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. জালাল। স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীদের একটি বড় অংশও জানিয়েছেন, বিলে মাছ ধরতে কাউকে বাধা দেওয়া হয় না; বরং এলাকাবাসীর সম্মতিতে স্থানীয় মসজিদের উন্নয়নের স্বার্থে জলাশয়ের বিচ্ছিন্ন ও বদ্ধ কিছু অংশে মাছ চাষ করা হয়।
সরেজমিন অনুসন্ধান ও সরকারি ভূমি রেকর্ড সূত্রে জানা গেছে, ভুতুলিয়া মৌজার ১০৭৬ নম্বর দাগে প্রায় ১ একর ৪১ শতাংশ জমি নৌকা চলাচলের ঘাট এবং ৫৮ নম্বর দাগে প্রায় ১ একর ৪২ শতাংশ জমি বিল হিসেবে লিপিবদ্ধ রয়েছে। এ ছাড়া আশপাশের বিভিন্ন দাগের সরকারি খাস জমি নিয়ে এই জলাশয়টি বিস্তৃত।
স্থানীয় সূত্র ও সরেজমিন পরিদর্শনে দেখা যায়, বিলের মাঝখান দিয়ে খাল খননের সময় উত্তোলিত মাটি দুই পাশে উঁচু পাড় বা দেওয়ালের মতো হয়ে যাওয়ায় জলাশয়ের একপাশে নৌকা চলাচলে স্বাভাবিক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। ওই বদ্ধ অংশে কচুরিপানা, আবর্জনা ও জঙ্গল জমে থাকায় সারা বছরই নৌকা চলাচল বন্ধ থাকে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জলাশয়টি নিয়ন্ত্রিত ব্যবস্থায় না রাখলে পানির সঙ্গে ভেসে আসা জঙ্গল ও কচুরিপানায় ভরে যায়। প্রতিবছর প্রতি বিঘা জমির জঙ্গল পরিষ্কার করতে ১০ থেকে ১৫ জন শ্রমিকের প্রয়োজন হয়, যাতে প্রায় ৪ থেকে ৫ হাজার টাকা খরচ হয়।
স্থানীয় মৎস্যজীবীরা জানান, বিলটি আগের মতোই উন্মুক্ত রয়েছে এবং ভরা বর্ষাসহ সারা বছরই তাঁরা স্বাধীনভাবে মাছ ধরে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। এ কাজে তাঁদের কেউ বাধা দেয় না। কেবল খাল খননের পর তৈরি হওয়া মাটির পাড়ের কারণে স্থায়ীভাবে আবদ্ধ থাকা অংশে এলাকাবাসী সম্মিলিতভাবে মাছ চাষ করেন এবং সেই আয়ের অর্থ স্থানীয় মসজিদের উন্নয়নকাজে ব্যয় করা হয়।
নৌপথ বন্ধের অভিযোগের বিষয়ে স্থানীয়রা জানান, নৌকা চলাচলের ঘাট হিসেবে রেকর্ডভুক্ত স্থানে খননকৃত মাটির পাড় এবং কচুরিপানা জমে থাকায় বর্ষাকালে নৌকাযোগে কাঠখৈইর বাজারে যাতায়াতের পুরনো পথটি অনেক আগেই অকার্যকর হয়ে পড়েছে। তবে এলাকায় পাকা ব্রিজ নির্মিত হওয়ায় মানুষ এখন সড়কপথে ব্রিজের ওপর দিয়েই স্বাচ্ছন্দ্যে যাতায়াত করেন। ফলে সেখানে নৌকা প্রবেশের প্রয়োজনীয়তা বা পথ—কোনোটিই আর আগের মতো নেই।
অভিযোগের বিষয়ে হাঁসাইগাড়ী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. জালাল বলেন, “মৎস্যজীবীরা সব সময়ই স্বাধীনভাবে মাছ ধরে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। আমাদের পক্ষ থেকে বা দলীয়ভাবেও কেউ তাঁদের মাছ ধরতে নিষেধ করেনি। একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়াচ্ছে।”
Leave a Reply