ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার ঐতিহ্যবাহী ভাসমান নৌকার হাট এবং ছারছীনা দরবার শরীফ পরিদর্শন করেছেন। এ সময় তিনি এই উপজেলায় তৈরি নৌকা কিনতে ও নৌকাশিল্পে বিনিয়োগের আগ্রহের কথা জানান।শুক্রবার (১৮ জুলাই) দুপুরে তিনি নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার আটঘর কুড়িয়ানার ভাসমান নৌকারহাট পরিদর্শন করেন। এ সময় তিনি ট্রলারে করে ভাসমান নৌকার হাট ঘুরে দেখেন এবং স্থানীয় নৌকা নির্মাণশিল্প সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি ছারছীনা দরবার শরীফে জুমার নামাজ আদায় করেন।
রাষ্ট্রদূতের সঙ্গে সফরসঙ্গী হিসেবে ছিলেন নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন।
পরিদর্শন শেষে রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি বলেন, ‘নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যবাহী ভাসমান নৌকারহাট দেখে আমি মুগ্ধ। আমরা এখানকার নৌকা কিনতে আগ্রহী এবং ভবিষ্যতে নৌকা তৈরির শিল্পে আলজেরিয়ার পক্ষ থেকে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।’
এ সময় স্থানীয় প্রশাসন ও জনগণের সঙ্গে তিনি মতবিনিময় করেন এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।
Leave a Reply