
মানিকগঞ্জের সাটুরিয়ায় সুফিয়া (৫০) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
আতিকুর রহমান আশিক
মানিকগঞ্জ প্রতিনিধি
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী মো: ইসমাইল হোসেনকে (৫৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার হরগজ ইউনিয়নের হরগজ বেপারী পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা—তা নিয়ে পরিবার ও স্থানীয়দের মধ্যে তীব্র ধোঁয়াশা তৈরি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই পরিবারটিতে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে মঙ্গলবার সকালে সুফিয়া খাতুনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে গুঞ্জন শুরু হয়। খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ইসমাইল হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন।
এদিকে নিহতের ঘটনাটিকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের মধ্যেই পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। নিহতের ছেলে ইসরাফিল (২৫) দাবি করেন, “আমার মা দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিলেন। তিনি আত্মহত্যা করেছেন।”
তবে ছেলের এই দাবি নাকচ করে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন নিহতের বড় ভাই রমজান আলী। তিনি অভিযোগ করে বলেন, “আমার বোন কোনো অবস্থাতেই আত্মহত্যা করেনি, তাকে পিটিয়ে ও শ্বাসরোধে মেরে ফেলা হয়েছে। আমি আমার বোনের এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, নিহত গৃহবধূর হাত ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে থানায় আনা হয়েছে।
তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply