ঠাকুরগাঁও প্রতিনিধি: রাজনৈতিক প্রতিকূলতা, মামলা, কারাভোগ, চাকরি হারানো ও ব্যবসায়িক ক্ষতির মতো নানা বাধা পেরিয়ে বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকা মো. সুমন রানা মান্নান এবার ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার ৫ নং শুখানপুখরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন এবং স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগের কারণে ইউনিয়নজুড়ে তাকে নিয়ে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।
মো. সুমন রানা মান্নান বর্তমানে ৫ নং শুখানপুখরী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সদর উপজেলা পর্যায়ের সাংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখছেন তিনি। দলীয় রাজনীতির কঠিন সময়েও সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের মধ্য দিয়ে নিজের রাজনৈতিক অবস্থান ধরে রেখেছেন বলে স্থানীয় নেতাকর্মীদের দাবি।
রাজনৈতিক জীবনের পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবেও রয়েছে তার অভিজ্ঞতা। তিনি শুখানপুখরী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৫ আগস্ট পরবর্তী সময়ে ইউনিয়ন পরিষদের সদস্যদের সম্মতি ও স্থানীয়দের সমর্থনে প্যানেল চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। ওই সময়ে এলাকার বিভিন্ন সমস্যা সমাধান, মানুষের পাশে থাকা এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখেন বলে স্থানীয়দের বক্তব্য।
স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর তথ্যমতে, বিগত সরকারের সময়ে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে সুমন রানা মান্নান বিভিন্ন ধরনের রাজনৈতিক হয়রানির শিকার হন। তার বিরুদ্ধে দায়ের করা হয় সাতটি মামলা। এর মধ্যে একটি মামলায় ১৮ দিন এবং অন্য একটি মামলায় দুই দিন কারাভোগ করতে হয় তাকে। রাজনৈতিক সম্পৃক্ততার কারণে চাকরি হারানোর পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানেও নানা হয়রানি ও ক্ষতির মুখে পড়ে আর্থিকভাবে বিপর্যস্ত হন তিনি।
এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও রাজনৈতিক আদর্শ ও দলীয় কর্মকাণ্ড থেকে সরে না আসার বিষয়টি তুলে ধরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের একটি অংশ তাকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে আগ্রহী। তাদের প্রত্যাশা, দলীয় মনোনয়ন পেলে তিনি নির্বাচনী মাঠে শক্ত অবস্থান গড়ে তুলতে পারবেন।
চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশার পাশাপাশি ইউনিয়নকে মাদকমুক্ত করার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন সুমন রানা মান্নান। তার পরিকল্পনা, নির্বাচিত হলে সামাজিক সচেতনতা, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় মাদকের বিরুদ্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। তার ভাষায়, ৫ নং শুখানপুখরী ইউনিয়নে মাদকের কোনো স্থান থাকবে না; মাদকমুক্ত ইউনিয়ন গড়াই হবে তার অন্যতম অঙ্গীকার।
মনোনয়ন প্রত্যাশার বিষয়ে মো. সুমন রানা মান্নান বলেন, “দলের চরম দুঃসময়ে মামলা, কারাভোগ, চাকরি ও ব্যবসা হারিয়েও আমি বিএনপির নীতি ও আদর্শ থেকে একচুলও সরে আসিনি। রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে শুরু করে স্থানীয় জনসেবা—সব ক্ষেত্রেই মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। শুখানপুখরী ইউনিয়নের মানুষের ভালোবাসা, সমর্থন ও আহ্বানে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছি।”
তিনি আরও বলেন, “দল আমাকে মনোনয়ন দিলে এবং জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে শুখানপুখরী ইউনিয়নকে আধুনিক, স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও উন্নয়নমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। পাশাপাশি মাদকের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তুলব। যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে একটি নিরাপদ, সুন্দর ও শান্তিপূর্ণ ইউনিয়ন গড়ে তোলাই হবে আমার লক্ষ্য। আমি চাই, ৫ নং শুখানপুখরী ইউনিয়নে মাদক থাকবে না, থাকবে উন্নয়ন, শান্তি ও মানুষের অধিকার।”
Leave a Reply