লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে নারী, শিশু ও পুরুষসহ ১২ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির বাধার মুখে পিছু হটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার (১৮ অক্টোবর) ভোরে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বামনদল সীমান্তের ওপারে ভারতের মেখলিগঞ্জ মহকুমার বিএসবাড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।
পুশইনের শিকার ব্যক্তিরা বর্তমানে শূন্যরেখা থেকে ১০০-১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন বলে বিজিবি ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের ৮৩৮ নম্বর প্রধান পিলারের ১ নম্বর উপপিলারের মাঝামাঝি স্থান দিয়ে রোববার ভোরে ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ি ক্যাম্পের সদস্যরা ১২ ভারতীয় নাগরিককে জোরপূর্বক পুশইনের চেষ্টা চালান। তাদের মধ্যে আটজন পুরুষ, দুজন নারী ও দুটি শিশু রয়েছে।
এ সময় স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে বিএসএফ সদস্যদের খবর দেন। পরে বুড়িমারী বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে বাধা দেন। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে বিএসএফ সদস্যরা পিছু হটে ১২ জনকে নিয়ে ভারতের অভ্যন্তরে চলে যান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের নজরদারি জোরদার করা হয়েছে।
৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহা. শাহীনুল ইসলাম (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, আমরা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি। পতাকা বৈঠকের মাধ্যমে পুরো বিষয়টি সমাধানের জোর চেষ্টা চলছে। সীমান্ত সুরক্ষিত রাখতে আমাদের নজরদারি অব্যাহত রয়েছে।
Leave a Reply