
২৭ মামলার আসামি ও সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ আকাশ গ্রেপ্তার
মোঃ আশরাফুল ইসলাম
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে মোঃ মোস্তফা আলী ওরফে আকাশ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তিনি সংঘবদ্ধ প্রতারক চক্রের অন্যতম হোতা ও কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে প্রতারণা, অপহরণ, চাঁদাবাজি, মারামারি, চুরি, বিস্ফোরক দ্রব্য ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ২৭টি মামলা রয়েছে।
রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঠাকুরগাঁও সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঠাকুরগাঁও রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি চৌকস দল।
গ্রেপ্তার মোঃ মোস্তফা আলী ওরফে আকাশ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জগথা এলাকার মোঃ মোবারক আলীর ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ডিবিতে তদন্তাধীন নকল স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণার একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন মোস্তফা আলী ওরফে আকাশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করার পর ঠাকুরগাঁও সদর থানা এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্যমতে, আকাশের বিরুদ্ধে প্রতারণা, অপহরণ, চাঁদাবাজি, মারামারি, চুরি, বিস্ফোরক দ্রব্য ও মাদকসহ মোট ২৭টি মামলা রয়েছে। এছাড়া পীরগঞ্জ থানায় তার বিরুদ্ধে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৭ হাজার টাকা অর্থদণ্ডের সাজা পরোয়ানা মুলতবি রয়েছে।
পুলিশ আরও জানায়, আকাশ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও প্রতারণার সঙ্গে জড়িত। তিনি একসময় গাজীপুরে অবস্থান করে মাদক ব্যবসার একটি সিন্ডিকেট পরিচালনা করতেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। পরবর্তীতে গোপনে হরিপুর ও রানীশংকৈল থানা এলাকাসহ নিজ এলাকা পীরগঞ্জে বিভিন্ন সময়ে অবস্থান করে মাদক, প্রতারণাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে জানা গেছে।
বিশেষ করে নকল স্বর্ণের মূর্তিসহ বিভিন্ন কৌশলে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার ভয়ে অনেক ভুক্তভোগী প্রকাশ্যে অভিযোগ করতেও সাহস পেতেন না বলে পুলিশ সূত্রে জানা গেছে।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ গোলাম রসুল বলেন, অপরাধী যতই কৌশলী হোক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়িয়ে অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা, প্রতারণা ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা গোয়েন্দা শাখা সর্বদা তৎপর রয়েছে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মোঃ মোস্তফা আলী ওরফে আকাশকে সোমবার (১০ আগস্ট) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply