
রাজধানীর কাফরুল এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে মোটরসাইকেল আরোহী রাফির মাথায় ইট ছুড়ে মারার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় হামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শুক্রবার (১২ জুন) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক সরকার।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন— মো. পারভেজ (৩০) ও আনোয়ার হোসেন বাবু (৩২)। মামলার অপর দুই আসামি মো. ফয়সাল ওরফে কালু এবং আমিন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিসি মোস্তাক সরকার জানান, গত মঙ্গলবার (১০ জুন) রাত আনুমানিক ১টা ২০ মিনিটে কাফরুল থানাধীন পূর্ব শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের প্রায় ১০০ গজ পূর্বে ইব্রাহিমপুর পাকা সড়কে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে বাসায় ফেরার পথে রাফিকে পূর্বপরিকল্পিতভাবে আক্রমণ করা হয়। হামলাকারীরা তার মাথার ডান পাশে ইট ছুড়ে মারলে তিনি গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়েন।
পুলিশ জানায়, ঘটনার পর হামলাকারীরা আহত রাফিকে একটি অটোরিকশায় তুলে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়। পুরো ঘটনাটি কাছের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় এবং পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও ক্ষোভ তৈরি হয়।
আহত রাফির চাচা নুর হোসেন বাদী হয়ে কাফরুল থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এরপর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় চারজনকে শনাক্ত করা হয়।
তদন্তের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১১ জুন) ময়মনসিংহের ধোবাউড়া থানার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে প্রধান অভিযুক্ত পারভেজকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে রাজধানীর ইব্রাহিমপুর এলাকা থেকে আনোয়ার হোসেন বাবুকে আটক করে পুলিশ। ঘটনাস্থলের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় রাফির মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
Leave a Reply