
পড়ার টেবিল নেই। কখনো বিছানায়, কখনো মায়ের সেলাই মেশিনের ওপর বই রেখে পড়তে হয়েছে। বাড়িতে যাওয়ার জন্য নেই কোনো পাকা রাস্তা। অন্যের লিচুবাগানের ভেতর দিয়ে সরু পথ পেরিয়ে পৌঁছাতে হয় টিনের ছাপড়া ঘরে। অভাবের সংসারের এসব সীমাবদ্ধতা থামাতে পারেনি সাদিয়া আফরিনকে। সব পিছুটান ছাপিয়ে এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে সে।
সাদিয়ার বাড়ি দিনাজপুর সদর উপজেলার মাসিমপুর সরকারপাড়া এলাকায়। বাবা মো. সেলিম একজন চালকল শ্রমিক। মা আরফা বেগম ঘর-গৃহস্থালির কাজের পাশাপাশি বাড়িতে সেলাই কাজ করেন। সেলিম-আরফা দম্পতির তিন মেয়ের মধ্যে সাদিয়া বড়। এসএসসিতে জিপিএ-৫ পাওয়ায় পরিবার ও গ্রামজুড়ে আনন্দের আবহ তৈরি হয়েছে।
তবে সাদিয়ার এই সাফল্যের পেছনে রয়েছে এক বছর ধরে প্রতি বুধবারের এক বিশেষ পাঠশালা। সেই পাঠশালার শিক্ষক ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
সীমিত আয়ে সংসার চালানোর পর মেয়েদের পড়াশোনার খরচ জোগানো কঠিন হয়ে পড়েছিল সেলিম-আরফা দম্পতির। গত বছরের জুলাইয়ে মেয়ের পড়াশোনার জন্য জেলা প্রশাসকের কাছে আর্থিক সহায়তার আবেদন করেন আরফা বেগম। এক সপ্তাহ পর মেয়েকে নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেন তিনি। এ সময় জেলা প্রশাসক তাদের পরিবারের খোঁজখবর নেন এবং পড়াশোনা নিয়ে সাদিয়াকে নানা প্রশ্ন করেন। সেদিন বেশির ভাগ প্রশ্নের উত্তর ঠিকঠাক দিতে না পারলেও সেখান থেকেই সাদিয়ার জীবনের নতুন অধ্যায়ের শুরু।
জেলা প্রশাসক শুধু আর্থিক সহায়তার আশ্বাসই দেননি, পড়াশোনার কৌশলও বুঝিয়ে দেন। সাত দিনের পড়া ঠিক করে দিয়ে প্রতি বুধবার গণশুনানির দিন সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পড়া দিতে বলেন। ঠিক করে দেন প্রতিদিনের পড়াশোনার রুটিনও। চার মাস পর আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিলেও পরের মাসেই সাদিয়াকে ৭ হাজার টাকা দেওয়া হয়। তবে অর্থের সেই সহায়তার চেয়েও বড় হয়ে ওঠে নিয়মিত পড়াশোনার তদারকি।
এরপর শুরু হয় সাদিয়ার বুধবারের যাত্রা। সপ্তাহের সাত দিনের পড়া নিয়ে সে হাজির হতো দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে। পড়া দিত, ভুল হলে সংশোধন করত, নতুন পড়া নিয়ে বাড়ি ফিরত। এভাবে এক সপ্তাহ, দুই সপ্তাহ করে কেটে যায় মাস। কেটে যায় পুরো একটি বছর। প্রতি বুধবার জেলা প্রশাসকের কাছে পড়া দেওয়া এবং নতুন পড়া নিয়ে বাড়ি ফেরা সাদিয়ার জীবনের নিয়মিত অংশ হয়ে ওঠে।
জেলা প্রশাসক সাদিয়ার বিদ্যালয় দিনাজপুর সদর উপজেলার কাদের বকস মেমোরিয়াল হাই স্কুল পরিদর্শনে গিয়েও তার খোঁজ নিতেন। ওই বিদ্যালয়সহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে জেলা প্রশাসকের শিক্ষার্থীদের পাঠদান করার ঘটনাও রয়েছে।
গত ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। ফলাফল তালিকায় সাদিয়ার রোল নম্বরের পাশে জিপিএ-৫ দেখে আনন্দে ভরে ওঠে সেলিম-আরফা দম্পতির ঘর। পরে জেলা প্রশাসকের সঙ্গে দেখা করতে গেলে তিনি সাদিয়াকে অভিনন্দন জানান এবং মিষ্টিমুখ করান। এক বছর ধরে প্রতি বুধবার যে মেয়েটি পড়া দিতে তার কাছে যেত, সেই মেয়েটির হাতে এবার ছিল সাফল্যের খবর।
সম্প্রতি সাদিয়াদের বাড়িতে গিয়ে দেখা যায়, মাত্র দুই শতক জমির ওপর টিনের ছাপড়া ঘর। ঘরের মাঝখানে দেওয়া একটি বেড়া পুরো ঘরটিকে দুই ভাগ করেছে। এক পাশে সাদিয়ার বাবা-মা ও ছোট বোনের ঘুমানোর জায়গা। অন্য পাশে সাদিয়া ও তার মেঝ বোনের থাকার জায়গা। একটি আলমারির ওপর সাজানো সাদিয়ার বইপত্র। ঘরের পাশেই ছোট্ট একটি রান্নাঘর। রান্নাঘরের টিনের চালে লকলকে লতার ফাঁকে ঝুলছে চালকুমড়া।
সাদিয়ার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকসেদ আলী বলেন, এবার বিদ্যালয় থেকে ৪৩ জন এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২২ জন পাশ করেছে। একমাত্র সাদিয়া আফরিনই জিপিএ-৫ পেয়েছে। জেলা প্রশাসক স্যার প্রায় সময়ই আমাদের স্কুলে আসেন, ক্লাসও নেন। সাদিয়াকে নিজের মেয়ের মতো দেখতেন, পড়াতেন। তার ভালো ফলাফলে আমরা আনন্দিত।
সাদিয়ার মা আরফা বেগম বলেন, নিজে পড়ালেখা করতে পারিনি। কষ্ট করে মেয়েদের পড়ালেখা করাচ্ছি। মেয়ের বই কেনার জন্য আর্থিক সহযোগিতা চেয়ে ডিসি স্যারের কাছে আবেদন করেছিলাম। স্যার আমাদের সহযোগিতা করেছেন। শুধু অর্থ দিয়ে নয়, মেয়েকে নিয়মিত পড়া দিয়েছেন, পড়া নিয়েছেন, খোঁজখবর নিয়েছেন। আজকে মেয়েটা ভালো রেজাল্ট করেছে। অনেকেই খোঁজখবর নিচ্ছে, এটা অনেক আনন্দের।
মেয়ের সাফল্যে খুশি বাবা মো. সেলিমও। তবে আনন্দের পাশাপাশি তার কণ্ঠে আছে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। তিনি বলেন, ডিসি স্যার আমার মেয়ের নিয়মিত খোঁজ রেখেছেন, তাকে সহায়তা করেছেন। মেয়েটাকে একটা পড়ার টেবিল পর্যন্ত কিনে দিতে পারিনি। হয় বিছানায়, নয়তো ওর মায়ের সেলাই মেশিনের ওপর বই রেখেই পড়ালেখা করেছে। মেয়ে অনেক দূর পর্যন্ত পড়ালেখা করতে চায়। জানি না কতদূর পর্যন্ত পড়াতে পারব।
পড়ালেখা শেষ করে সরকারি চাকরি করার প্রত্যাশা সাদিয়ার। মা-বাবার অভাবের সংসার হলেও স্বপ্ন দেখতে ছাড়েনি সে। সাদিয়া বলে, ডিসি স্যারের কাছে পড়া দিতে প্রথমদিকে ভয় পেতাম। কিন্তু পড়াগুলো নিয়মিত করতাম। আর্থিক সহায়তার পাশাপাশি স্যার অনেক সাহস দিয়েছেন।
সাদিয়ার বিষয়ে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান বলেন, স্যার ব্যস্ততার ফাঁকে নিয়মিত স্কুল পরিদর্শন করেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তবে সাদিয়াকে অর্থ সহায়তার পাশাপাশি পড়ালেখার একটি রুটিন ঠিক করে দিয়েছিলেন। সে বিষয়গুলো মেনে চলেছে।
তিনি বলেন, গত দেড় বছরে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় ৪০০ দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা দেওয়া হয়েছে। প্রতি বছর নির্দিষ্টসংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার কাজও হাতে নেওয়া হয়েছে।
দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, মেয়েটি তার মায়ের সঙ্গে এসেছিল। বই কেনার জন্য কিছু টাকার জন্য আবেদন করেছিল। প্রথম দিন কথা বলে বুঝেছিলাম, ওর মধ্যে বেশ আগ্রহ আছে। তারপর ওকে একটা চ্যালেঞ্জ দিলাম। ও সত্যি সত্যি রুটিন মেনে হোমওয়ার্কগুলো করেছে।
তিনি বলেন, এমন হাজারো সাদিয়া রয়েছে আমাদের চারপাশে, যারা লেখাপড়ার জন্য প্রয়োজনীয় কাগজ-কলমও পায় না। দিনাজপুরের বেশ কিছু স্কুল ঘুরছি, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। গত দেড় বছরে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা দেওয়া হয়েছে। প্রতি বছর নির্দিষ্টসংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার কাজও হাতে নেওয়া হয়েছে।
Leave a Reply