বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া সরকারি হিসেবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ নিয়ে চলতি বছর বরিশাল বিভাগে ৮ জনের মৃত্যু হয়েছে। এদিকে, বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে মোট ১০১ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫৪ জনই বরগুনা জেলার বাসিন্দা।শনিবার (১৪ জুন) তারা বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে মোট মারা যাওয়া ৮ জনের ৫ জনই বরগুনা জেলার। মৃত মোসাম্মৎ লায়লী বেগমের বাড়ি পটুয়াখালি জেলার মির্জাগঞ্জে। বরিশাল স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরের শুরু থেকে ১৪ জুন পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৬৮৪ জন। এর মধ্যে বরগুনা জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৬৮০ জন। একই সময়ে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ২৮৮ জন। বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ৩৮৮ জন।বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, ডেঙ্গু রোগীদের সর্বোচ্চ সেবা প্রদান করা হচ্ছে। রোগ থেকে নিজেকে রক্ষা করতে সবাইকে সচেতন হতে হবে।
Leave a Reply