গাজীপুরের বোর্ড বাজার এলাকায় বাসা বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক কলেজ ছাত্রী দগ্ধ হয়েছেন । তাকে উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার (১ জুলাই) দিবাগত ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে।
আহত মুক্তা আক্তার (১৮) গাজীপুর সিটি কর্পোরেশনের বোর্ডবাজার এলাকার নান্টু মিয়ার মেয়ে। তিনি একটি কলেজে পড়াশোনা করেন বলে জানা গেছে।
গাজীপুরের ভোগড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বলেন, বোর্ড বাজারের কলমেশ্বর এলাকার ৭ তলা ভবনে গ্যাসের পাইপ লিকেজ হয়ে গ্যাস বের হয়। ভবনের দরজা , জানালা বন্ধ থাকায় নির্গত গ্যাস বের হতে পারে নি। ভোরে মুক্তা আক্তার চুলা জ্বালাতে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এসময় ঘরের দরজা জানালা উড়ে যায় এবং ঘটনাস্থলে মুক্তা আক্তার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে বুধবার সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Leave a Reply