
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয় সময় মঙ্গলবার (১৬ জুন) ভোরে এই ঘটনা ঘটে। বিশ্বের অন্যতম ব্যস্ত পর্যটনকেন্দ্রে হঠাৎ করে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শুরুতে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়, যা দ্রুত হাতাহাতি, ঘুষাঘুষি ও লাথালাথিতে রূপ নেয়। এতে আশপাশে থাকা পর্যটক ও পথচারীরা আতঙ্কিত হয়ে এলাকা ত্যাগ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনা ও আলজেরিয়ার জার্সি পরা সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষ চলছে। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
প্রতিবেদন অনুযায়ী, ওই এলাকায় ফ্রান্স ও সেনেগালের কিছু সমর্থকও উপস্থিত ছিলেন। শুরুতে উত্তেজনাপূর্ণ স্লোগান ও অশোভন অঙ্গভঙ্গির ঘটনা ঘটলেও পরে তা সংঘর্ষে রূপ নেয়।
ঘটনার একটি ভিডিও ইনস্টাগ্রামে ‘ব্রুটঅফিসিয়াল’ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হয়, যা পরে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, সাধারণ মানুষ দৌড়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন এবং কিছু ব্যক্তি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) ঘটনাস্থলে পৌঁছায়। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে, পুলিশ কয়েকজনকে আটক করেছে, তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এখন পর্যন্ত সংঘর্ষে ঠিক কতজন আহত বা আটক হয়েছেন এবং এর মূল কারণ কী ছিল—সে বিষয়ে কোনো সরকারি ব্যাখ্যা পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত বা আনুষ্ঠানিক প্রতিবেদনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
Leave a Reply