মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল বিশেষ প্রতিনিধিঃ
টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনী বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. জাকিয়া রশীদ শাফী (৪৮) করোনা পজিটিভ হয়ে ঢাকা (সি.এম.এইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
সোমবার (২- আগস্ট) সন্ধ্যা আনুমানিক ০৬.২০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সি.এম.এইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা. খন্দকার সাদেকুর রহমান তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডা. জাকিয়া রশীদ শাফী গত শুক্রবার (২৩- জুলাই) শরীরে জ্বর ও গলাব্যাথা অনুভব করলে ঐ দিনই করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। শনিবার (২৪- জুলাই) তাঁর করোনা পজিটিভ আসে। তারপর থেকে তিনি বাসায় আইসোলেশনে ছিলেন। কিন্তু, গত শনিবার (৩১- জুলাই) রাতে শারীরিক অবস্থার অবনতি হলে, তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সি.এম.এইচ) ভর্তি করা হয়। সেখানে ভেন্টিলেশন সাপোর্টে থাকা অবস্থায় আজ সন্ধ্যায় আনুমানিক ০৬.২০ মিনিটে তাঁর মৃত্যু হয়। তিনি আরও জানান, ডা. জাকিয়া একজন স্বনামধন্য গাইনী সার্জন ছিলেন।
ডা. জাকিয়া রশীদ শাফীর স্বামীও একজন চিকিৎসক। তার নাম বিগ্রেডিয়ার ডা. মিজানুর রহমান। তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সি.এম.এইচ) চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন। তাদের এক ছেলে রয়েছে।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন, ডা. জাকিয়া রশীদ শাফীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সকল কর্মকর্তা ও চিকিৎসক তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
Leave a Reply