শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার পরিচিত মিষ্টান্ন প্রতিষ্ঠান রমেশ সুইটস (রমেশ ঘোষ)-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) সকালে পরিচালিত অভিযানে খাবারের মান, উৎপাদন পরিবেশ এবং পণ্যের লেবেল ও মেয়াদসংক্রান্ত অনিয়মের বিষয়টি সামনে আসে।
জানা গেছে, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গাইবান্ধায় দই, মিষ্টি ও ঐতিহ্যবাহী রসমঞ্জুরী বিক্রি করে আসছে। স্থানীয়ভাবে সুপরিচিত এ প্রতিষ্ঠানটির কাছে ক্রেতাদের প্রত্যাশা থাকলেও খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণের পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে দইসহ বিভিন্ন খাদ্যপণ্যে প্রয়োজনীয় লেবেল ও মেয়াদ উল্লেখ না থাকা এবং উৎপাদনস্থলে অপরিচ্ছন্ন পরিবেশের বিষয়টি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
অভিযান পরিচালনাকালে এসব অনিয়মের প্রেক্ষাপটে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া জান্নাত দায়িত্ব পালন করেন।
স্থানীয় ভোক্তারা বলেন, রমেশ ঘোষ গাইবান্ধার একটি ঐতিহ্যবাহী ও পরিচিত মিষ্টির দোকান। এখানকার দই, মিষ্টি ও রসমঞ্জুরীর সুনাম রয়েছে। কিন্তু ঐতিহ্য ও সুনামের আড়ালে যদি খাদ্য তৈরির পরিবেশ অপরিচ্ছন্ন থাকে এবং পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদসংক্রান্ত তথ্য না থাকে, তাহলে তা ভোক্তাদের জন্য উদ্বেগজনক। সুনামধন্য প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে খাদ্যের মান ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার দায়িত্ব আরও বেশি।
ভোক্তাদের দাবি, শুধু জরিমানা করেই যেন দায়িত্ব শেষ না হয়। প্রতিষ্ঠানটির খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির পরিবেশ নিয়মিত তদারকি করতে হবে। একই সঙ্গে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি জোরদার করা প্রয়োজন।
ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠানের এমন চিত্র স্থানীয় ক্রেতাদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে। ব্যবসায়িক সুনাম ধরে রাখতে হলে শুধু পণ্যের পরিচিতি নয়, খাদ্যের মান, নিরাপত্তা ও পরিচ্ছন্নতার বিষয়েও সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন ক্রেতারা।
Leave a Reply