ঠাকুরগাঁও প্রতিনিধি: মোঃ আশরাফুল ইসলাম
ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারীতে পৃথক অভিযান চালিয়ে ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১৭০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।
শনিবার (৩১ অক্টোবর) রাত থেকে রোববার (১ নভেম্বর) সকাল পর্যন্ত তিন জেলায় এসব অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১৩ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার খোচাবাড়ী বাজার সংলগ্ন সোনালী ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ টুটন সরকার (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
পৃথক অভিযানে দিনাজপুরের বিরল উপজেলার পাঁচশালা গ্রামে নবাব আলীর (৫৯) বাড়িতে অভিযান চালিয়ে খাটের নিচ থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় নবাব আলীকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব খড়িবাড়ী (জিনজিনপাড়া) গ্রামে আব্দুল হকের (৩১) বাড়িতে অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবা উদ্ধারসহ তাঁকে গ্রেপ্তার করে এসআরবি-১৩-এর আরেকটি আভিযানিক দল।
এসআরবি-১৩ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply