শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সুন্দরবনে বনদস্যুদের অপতৎপরতা, জেলে-বাওয়ালিদের অপহরণ ও মুক্তিপণ আদায়ের আতঙ্ক বন্ধ এবং বননির্ভর মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজার চত্বর ও কৈখালী মাদার নদীর সেতু এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সুন্দরবনসংলগ্ন বিভিন্ন এলাকার জেলে, বাওয়ালি ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবন উপকূলীয় অঞ্চলের হাজারো মানুষের জীবন-জীবিকার প্রধান অবলম্বন। মাছ ও কাঁকড়া আহরণসহ বনজ সম্পদ সংগ্রহের মাধ্যমে এসব মানুষ তাঁদের পরিবারের জীবিকা নির্বাহ করেন। কিন্তু বনদস্যুদের অপতৎপরতা, অপহরণ ও মুক্তিপণ আদায়ের আতঙ্কে তাঁদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জীবিকার প্রয়োজনে বনে গেলেও নিরাপত্তাহীনতায় থাকতে হচ্ছে তাঁদের।
বক্তারা বলেন, সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে বিচ্ছিন্ন অভিযান নয়, প্রয়োজন ধারাবাহিক ও সমন্বিত কার্যক্রম। বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও অভিযান জোরদার করতে হবে। পাশাপাশি অপহৃত জেলেদের দ্রুত উদ্ধার, মুক্তিপণ আদায় বন্ধ এবং বনদস্যুদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক ও সাতক্ষীরা জেলা কৃষক দলের নেতা সালাউদ্দিন লিটন। সভাপতিত্ব করেন রমজাননগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদুজ্জামান শহিদ।
এ সময় বক্তব্য দেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, গাজী শাহ আলম, রবিউল ইসলাম লিটন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম এবং জেলেদের পক্ষে সফিকুল ইসলাম ও আব্দুল গনি ওরফে টাইগার গনি।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘মুক্তিপণের আতঙ্ক বন্ধ করো’, ‘ভয় নয়, নিরাপত্তা চাই’, ‘দস্যুমুক্ত সুন্দরবন চাই’ এবং ‘জেলে-বনজীবীদের নিরাপদ জীবনের নিশ্চয়তা চাই’সহ বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
বক্তারা সুন্দরবন রক্ষার পাশাপাশি বননির্ভর মানুষের জীবন-জীবিকা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
Leave a Reply