মোঃ সাইদুল ইসলাম হেলাল, বিশেষ প্রতিনিধি
সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে যশোরে অনুষ্ঠিত হয়েছে সিগন্যাল পরিবারের দ্বিতীয় পুনর্মিলনী ও প্রীতিভোজ। শনিবার (২৮ নভেম্বর, ২০২৬) যশোর সেনানিবাসের বিনোদিয়া ফ্যামিলি পার্কে দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সিগন্যাল কোরের অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর পুরোনো সহকর্মী ও বন্ধুদের কাছে পেয়ে পুরো পার্ক প্রাঙ্গণ এক আনন্দঘন ও আবেগঘন পরিবেশে রূপ নেয়।
আয়োজনে প্রধান পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি (অসকস বাংলাদেশ) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সার্জেন্ট এম এ আর মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-প্রধান পরিচালক সার্জেন্ট মোঃ আজিজুল ইসলাম, পরিচালক সিনিয়র ওয়ারেন্ট অফিসার সৈয়দ আমিনুর রহমান, অসকস বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন এবং মডারেটর যশোর জেলা সভাপতি সার্জেন্ট বাবর আলী ও মোঃ খলিলুর রহমান, কেন্দ্রীয় অর্থ সম্পাদক অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি সহ অন্যান্য পরিচালক ও মডারেটরবৃন্দ।
প্রধান পরিচালকের বক্তব্যে সার্জেন্ট এম এ আর মামুন বলেন, “চাকরিজীবনে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনসেবায় সেনা সদস্যরা যে ত্যাগ স্বীকার করেছেন, অবসর জীবনেও সামাজিক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সেই ধারা অব্যাহত রাখতে হবে। এ ধরনের মিলনমেলা প্রজন্ম থেকে প্রজন্মে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” দূর-দূরান্ত থেকে কষ্ট করে অনুষ্ঠানে অংশ নেওয়ায় তিনি সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর প্রয়াত সেনা সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া করা হয়। দিনব্যাপী এই আয়োজনে আরও ছিল মুক্তিযুদ্ধা সেনা সদস্যদের মাঝে ক্রেস্ট বিতরণ, স্মৃতিচারণ এবং প্রীতিভোজ।
Leave a Reply