মোঃ শহিদুল ইসলাম (টাঙ্গাইল) বিশেষ প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেলার বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ঈদ পরবর্তী সময়ে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বিনোদন প্রেমিদের ভিড় লক্ষ্য করা যায়।
সরকার ঘোষিত কঠোর লকডাউন চলমান থাকলেও বিনোদন কেন্দ্রগুলোর অধিকাংশে ব্যবস্থাপনা কমিটির তদারকি না থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে জেলায় করোনার ঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে।
সরেজমিনে, শুক্রবার(২৩- জুলাই) টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসুলিয়া, কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু সেতু সংলগ্ন গড়িলাবাড়ী, যমুনার নিউ ধলেশ্বরীর মোহনায় বেলটিয়া, আলীপুর, ঘাটাইল উপজেলার দেওপাড়া-ধলাপাড়া সড়কে কাটাখালী এলাকায় বিনোদন প্রেমিদের উপচেপড়া ভিড় দেখা যায়।
স্বাস্থ্যবিধি অমান্য করে এসব এলাকায় স্ব স্ব নারী-পুরুষ বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করেছে। কেউ কেউ নৌকা ভাড়া করে আবার কেউ তীরে দাঁড়িয়ে যমুনার অবগাহন ও তার আগ্রাসী রূপ দেখছে।
বাসুলিয়ায় নৌকা নিয়ে উচ্চস্বরে গান ও মিউজিকের তালে তালে চলছে উদ্দ্যম নৃত্য। নাচতে গিয়ে বৃহস্পতিবার ৩৮ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
দেওপাড়া-ধলাপাড়া সড়কের কাটাখালীতে রীতিমত পসরা সাজিয়ে ২০ টাকার টিকিটের মাধ্যমে কফি হাউজে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
বাসাইল উপজেলা নির্বাহী অফিসার মনজুর হোসেন জানান, লকডাউন বাস্তবায়নে একটি ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা জানান, লকডাউন বাস্তবায়নে একটি ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে। তিনি সাথে সাথে ঐ এলাকায় মোবাইল টিম পাঠান।
ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ফারজানা ইয়াসমিন জানান, যারা লকডাউন অমান্য করে বিনোদন কেন্দ্রগুলো খোলা রেখেছেন, তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply