
ঢাকার প্রবেশমুখ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে নির্মাণাধীন আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, ঢাকা-সায়েদাবাদ বাস টার্মিনালের একাংশ কাঁচপুরে স্থানান্তর করা হবে। এতে রাজধানীর যানজট কমার পাশাপাশি যাত্রীসেবার মানও উন্নত হবে।
বুধবার (২৪ জুন) নির্মাণাধীন কাঁচপুর আন্তজেলা বাস টার্মিনাল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
সড়ক পরিবহণ প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে সম্পূর্ণ যানজটমুক্ত ও আধুনিক করার জন্য সমন্বিত বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। যাত্রাবাড়ী ও সায়েদাবাদ বাস টার্মিনালের ওপর চাপ কমাতে কিছু কার্যক্রম কেরানীগঞ্জ ও কাঁচপুরে স্থানান্তরের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এতে রাজধানীর যানজট অনেকটাই কমে আসবে।
তিনি আরও জানান, কাঁচপুর আন্তজেলা বাস টার্মিনালের নির্মাণকাজ আগামী ছয় মাসের মধ্যে শেষ করে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে কাজ চলছে।
পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে সড়ক পরিবহণ প্রতিমন্ত্রী বলেন, সে সময় রাজধানীর চারটি বাস টার্মিনালকে পরিকল্পনাহীনভাবে ডিপো হিসেবে ব্যবহার করা হয়েছিল। এর ফলে সাধারণ মানুষকে দীর্ঘদিন তীব্র যানজটের ভোগান্তি পোহাতে হয়েছে।
বর্তমান সরকার সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে রাজধানীর গুরুত্বপূর্ণ সিগন্যাল পয়েন্টগুলোতে পর্যায়ক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনাও রয়েছে। এর ফলে সড়কে শতভাগ শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে।
Leave a Reply