
সিলেট নগরের পুরোনো কেন্দ্রীয় কারাগারের জায়গায় নান্দনিক পার্ক ও রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ জন্য কারাগারের জমি সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কাছে হস্তান্তর করা হবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সভায় শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, কারা মহাপরিদর্শক (ভারপ্রাপ্ত) কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিলেট নগরের গুরুত্বপূর্ণ এই জায়গাটি দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় কারাগার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বাদাঘাটে নতুন কেন্দ্রীয় কারাগার নির্মাণের পর পুরোনো কারাগারের জায়গাটি পার্ক নির্মাণের জন্য ব্যবহারের পরিকল্পনা নেয়া হলেও এতদিন তা বাস্তবায়িত হয়নি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুরোনো কারাগারের বিশাল এই জায়গা নগরবাসীর জন্য উন্মুক্ত করা হবে। সেখানে থাকবে সবুজায়ন, হাঁটার পথসহ বিভিন্ন নাগরিক সুবিধা। শিশু-কিশোর, প্রবীণ ও পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষের জন্য এটি একটি উন্মুক্ত বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
সিলেটকে সবুজ, পরিচ্ছন্ন, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগে নতুন এই পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
পুরোনো কারাগারের জায়গায় পার্ক নির্মাণ ছিল স্থানীয় সংসদ সদস্য ও শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্বাচনী প্রতিশ্রুতি। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীও বিভিন্ন সময়ে নগরবাসীর জন্য সেখানে উন্মুক্ত সবুজ পরিসর তৈরির কথা জানিয়েছেন।
এই উদ্যোগ বাস্তবায়নে খন্দকার আব্দুল মুক্তাদির ও আব্দুল কাইয়ুম চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে আধা-সরকারি (ডিও) পত্র দেন। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে।
কমিটি সরেজমিনে এলাকা পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনার পর জমিটি সিলেট সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের সুপারিশ করে। বৃহস্পতিবারের সভায় সেই প্রতিবেদন নিয়ে আলোচনা শেষে জমি হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত হয়।
তবে হস্তান্তরের পর সিটি করপোরেশন ওই জায়গায় কোনো বাণিজ্যিক স্থাপনা বা প্রতিষ্ঠান নির্মাণ করতে পারবে না। জায়গাটির ব্যবহার জনকল্যাণ ও নাগরিক সুবিধার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
সভায় পুরোনো কারাগারের বন্দিদের বাদাঘাটে অবস্থিত কারাগারে স্থানান্তরের সিদ্ধান্তও নেয়া হয়েছে। সেখানে ‘সিলেট কেন্দ্রীয় কারাগার-২’ নামে আরও একটি কারাগার নির্মাণ করা হবে।
এর ফলে পুরোনো কারাগারের জায়গাটি পর্যায়ক্রমে জনসাধারণের জন্য উন্মুক্ত করার সুযোগ তৈরি হবে।
পার্কের পাশাপাশি পুরোনো কারাগারের জায়গায় নির্মাণ করা হবে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান মুক্তিযুদ্ধ জাদুঘর।
ফলে জায়গাটি শুধু বিনোদন ও নাগরিক অবকাশের কেন্দ্র হবে না; মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণেরও একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে গড়ে উঠবে। নতুন প্রজন্ম সেখানে বিনোদনের পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস ও দেশের স্বাধীনতার জন্য মানুষের আত্মত্যাগ সম্পর্কে জানার সুযোগ পাবে।
দীর্ঘদিন উঁচু দেয়ালে ঘেরা থাকা পুরোনো কারাগারের জায়গাটি এভাবে নগরবাসীর জন্য উন্মুক্ত সবুজ পরিসরে রূপ নেবে। পার্ক ও মুক্তিযুদ্ধ জাদুঘর মিলিয়ে স্থানটি সিলেট নগরের নাগরিক বিনোদন, অবকাশ ও ইতিহাসচর্চার নতুন কেন্দ্র হিসেবে
গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
Leave a Reply