মোঃ শহিদুল ইসলাম (টাঙ্গাইল) বিশেষ প্রতিনিধিঃ
রাত পোহালেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা। কর্মস্থল ছুটি হওয়াতে নাড়ির টানে ঘরমুখী মানুষ। এতে মহাসড়কে যানবাহন ও ঘরমুখী মানুষের চাপ বেড়েছে। ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উত্তরবঙ্গমুখী লেনে ২৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তাই যানজটে থাকা চালক ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
মঙ্গলবার (২০- জুলাই) বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইল সদর উপজেলার আশিকপুর বাইপাস পর্যন্ত এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সরেজমিনে, সকালে মহাসড়কের ঘারিন্দা, রাবনা বাইপাস, বিক্রমহাটি, রসুলপুর, পুংলি, এলেঙ্গা ও আশিকপুর এলাকায় তীব্র যানজট দেখা যায়। তবে মাঝে মাঝে ঢাকামুখী লেনে গাড়ি চললেও উত্তরবঙ্গমুখী গাড়িগুলো আটকে রয়েছে। গণপরিবহন চললেও অনেকেই ঝুঁকি নিয়ে ট্রাকের ওপর যাতায়াত করছে। তবে যাত্রীদের মধ্যে কাউকে তেমন স্বাস্থ্যবিধি মানতে দেখা যাচ্ছে না।
এদিকে, যানজটে চালক ও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তি অনেক বেশি হচ্ছে। এছাড়াও গরু নিয়ে উত্তরাঞ্চল থেকে ঢাকা অভিমুখে যাত্রা করা ব্যবসায়ীরা পড়েছেন বেকায়দায়। মহাসড়কেই কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা।
পুলিশ জানায়, ঈদে যানজট নিরসনে মহাসড়কে ৬০৩ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়াও দুই শতাধিক হাইওয়ে পুলিশ মহাসড়কে রয়েছেন।
Leave a Reply