গাইবান্ধা প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন গাইবান্ধার পুলিশ সুপার মো. জাসিম উদ্দীন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও আনসার সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সোমবার (১৯ অক্টোবর) পূজামণ্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দায়িত্বে নিয়োজিত সদস্যদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তিনি দায়িত্ব পালনরত পুলিশ ও আনসার সদস্যদের সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন, যাতে পূজার আয়োজক, দর্শনার্থী ও ভক্তরা নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ডি.এম. হাসিবুল বেনজীর, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) সোহানুর রহমান সোহাগ, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
Leave a Reply