ইয়াছিন মোড়ল, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান। রোববার (১৮ অক্টোবর) তিনি মণ্ডপগুলো পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন।
পরিদর্শনকালে তিনি দক্ষিণ বড় কুপট নদীর পাড় সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ, দক্ষিণ বড় কুপট শিব মিলন দুর্গামন্দির, নওয়াবেঁকী সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ এবং আটুলিয়া আদু মণ্ডলবাড়ি পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি পূজার আয়োজন, মণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
ড. মো. মনিরুজ্জামানের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবীর, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাঈদ, কেন্দ্রীয় যুবদলের মৎস্য ও পশুপালনবিষয়ক সম্পাদক শাহজাহান রনি, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন পূজামণ্ডপ কমিটির নেতারা।
পরিদর্শনকালে ড. মনিরুজ্জামান বলেন, শ্যামনগর উপজেলায় ৭১টি পূজামণ্ডপে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে দুর্গাপূজা সুষ্ঠু ও নিরাপদভাবে উদ্যাপনের জন্য সরকার প্রয়োজনীয় অনুদান ও নিরাপত্তাব্যবস্থার উদ্যোগ নিয়েছে।
এদিকে, ড. মো. মনিরুজ্জামানের মণ্ডপ পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেছেন সনাতন ধর্মাবলম্বীদের অনেকে। তাঁদের দাবি, তাঁর উপস্থিতি ও শুভেচ্ছা বিনিময়ে তাঁরা আশ্বস্ত ও আনন্দিত হয়েছেন। এ ধরনের সম্প্রীতিমূলক উদ্যোগ ধর্মীয় উৎসবের পরিবেশকে আরও সৌহার্দ্যপূর্ণ করতে ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
Leave a Reply