শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: জিয়াউর রহমান জিয়া
পেশাগত সাফল্য ও সাংগঠনিক দায়িত্বে নতুন অর্জনের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা কমিটির নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য, কাটুনিয়া রাজবাড়ী কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক এম এম শফিউল আযমকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেছে এসএসসি ১৯৯৫ ব্যাচের বন্ধুদের সংগঠন ‘৯৫ ব্যাচ ফ্রেন্ডস, শ্যামনগর’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাসদুল আলম দোহা। এসএসসি ১৯৯৫ ব্যাচের বন্ধুদের এ আয়োজনে তাঁর উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর বুলবুল আহমেদ, প্রফেসর নুরু, প্রধান শিক্ষক দেবব্রত মণ্ডল, প্রধান শিক্ষক আবু জাফর, সহকারী শিক্ষক কওসার আলী, মশিউর রহমান বাপ্পি, জিয়াউর রহমান জিয়া, শিক্ষক শামসুল হুদা ঝন্টু এবং ৯৫ ব্যাচের বন্ধু মতলেবসহ ব্যাচের অন্যান্য সদস্যরা।
এ সময় বক্তারা শফিউল আযমের পেশাগত সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন। তাঁরা বলেন, সহপাঠীদের অর্জনকে সম্মান জানানো কেবল আনুষ্ঠানিকতা নয়; এটি পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও দীর্ঘদিনের বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করার একটি সুন্দর দৃষ্টান্ত।
বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাতক্ষীরা জেলা কমিটির নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য হিসেবে শফিউল আযম শিক্ষকসমাজের কল্যাণ, পেশাগত মর্যাদা ও শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন।
৯৫ ব্যাচের বন্ধুদের এ উদ্যোগ উপস্থিত সবার মধ্যে আনন্দ ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি করে। সহপাঠীর সাফল্যকে সম্মিলিতভাবে উদ্যাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানে বন্ধুত্ব, ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার এক সুন্দর প্রতিফলন ঘটে।
Leave a Reply