বিশেষ প্রতিনিধি, কালিগঞ্জ (সাতক্ষীরা):
সাতক্ষীরার কালিগঞ্জে দিনে-দুপুরে প্রকাশ্য মহাসড়কে কিশোর গ্যাংয়ের শিকার হয়েছেন মো. নাসির উদ্দিন (৩৫) নামে এক সাংবাদিক ও ব্যবসায়ী। সশস্ত্র ছিনতাইকারীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে সঙ্গে থাকা মোটরসাইকেল, নগদ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকের মা মোছা. নুরনাহার বেগম (৫৭) বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
এলাকাবাসী ও এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. নাসির উদ্দিন পেশায় একজন সাংবাদিক ও ব্যবসায়ী। ঘটনার দিন দুপুরে আনুমানিক ২টার দিকে তিনি লাইফ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর অসুস্থ পিতাকে রক্ত দিয়ে সঙ্গীয় সুজন (১৯) ও রোহানকে (১৫) সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মহাসড়কের ওপর পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে স্থানীয় কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজি, ব্ল্যাকমেইল, চুরি-ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত মাদকাসক্ত মো. তানভীর হোসেন (২৫), নাসিম (২২), রাসেল হোসেন (২৩), টিপু (২২) এবং তাদের মদদদাতা মো. হাফিজুর রহমান (৫৫)-এর নেতৃত্বে ৭/৮ জনের একটি সশস্ত্র দল ৫-৬টি মোটরসাইকেলে এসে তাদের গতিরোধ করে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা রামদা, চাইনিজ কুড়াল, হকিস্টিক ও লোহার পাইপ নিয়ে চড়াও হয়ে সাংবাদিক নাসির উদ্দিনকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর নীলা-ফোলা ও রক্তাক্ত জখম করে। একপর্যায়ে গলায় পা দিয়ে চেপে ধরে তাঁকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয়। পরবর্তীতে মাথায় ধারালো অস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে তাঁর ব্যবহৃত ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের লাল রঙের ‘YAMAHA V3’ মোটরসাইকেল, পকেটে থাকা নগদ ৫৫ হাজার টাকা এবং ৩০ হাজার টাকা মূল্যের একটি ‘SAMSUNG A51’ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়।
ঘটনার সময় হামলাকারীরা এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি করে। তারা প্রকাশ্যে হুমকি দিয়ে বলে, তারা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য এবং কোনো আইন-কানুন মানে না। এ বিষয়ে পুলিশ বা অন্য কাউকে জানালে ভবিষ্যতে ওই সংবাদকর্মীকে প্রাণনাশের হুমকি দিয়ে ছিনতাই করা মালামালসহ কালিগঞ্জের দিকে পালিয়ে যায় তারা।
পরে স্থানীয়রা ও স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় নাসির উদ্দিনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। খবর পেয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ভুক্তভোগীর পরিবার কালিগঞ্জ থানায় হাজির হয়ে এজাহার দাখিল করেন।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় অধিবাসীদের দাবি, অভিযুক্তরা এলাকায় নিয়মিত মাদক সেবন, ছিনতাই, ব্ল্যাকমেইল ও চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালিয়ে আসছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ছিনতাইকৃত মালামাল উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন সর্বস্তরের মানুষ।
Leave a Reply