
কালিগঞ্জে ৬ পিস ইয়াবাসহ দুই যুবক আটক
এস.এম নাসির উদ্দীন,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পিরোজপুর খালপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-কালিগঞ্জ উপজেলার গণপতি গ্রামের হাবিবুর রহমানের ছেলে আফজাল হোসেন এবং বাজারগ্রাম এলাকার রেজাউল ইসলামের ছেলে আমিনুর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কালিগঞ্জ থানার এসআই মতিন, এএসআই আনিছসহ পুলিশের একটি দল পিরোজপুর খালপাড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় দুই যুবককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
আটকের পর তাদের কালিগঞ্জ থানায় নেওয়া হয়। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা, সরবরাহ ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে অভিযান আরও জোরদার করা হবে।
Leave a Reply